শুক্রবার থেকে ঠান্ডার আমেজ! দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা! কিন্তু কতদিন থাকবে শীত?

রাজ্যে শীত বিদায়ের পথে। জানুয়ারির শেষে সামান্য ঠান্ডার আমেজ থাকলেও ফেব্রুয়ারিতে এসে তা কার্যত উধাও হয়ে গিয়েছে। তবে সাময়িক স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর। আগামী দুই দিনে পারদ কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের বেশ কিছু অংশে কুয়াশার দাপট বাড়তে পারে, উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় হতে পারে বৃষ্টি ও তুষারপাত। যদিও এই শীতল আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না, রবিবারের পর থেকে আবার তাপমাত্রা বাড়বে বলেই অনুমান করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ ও সকালের দিকে ঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় কুয়াশার দাপট সবচেয়ে বেশি থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি এলাকায় সামান্য তুষারপাতও হতে পারে। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও সকালের দিকে কিছুটা কুয়াশার দেখা মিলবে।

শুক্রবার থেকে ধীরে ধীরে নামতে পারে পারদ। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে রাজ্যের বেশ কিছু জায়গায়। তবে শীতের কামব্যাক নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা সামান্য কমলেও কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই। ফলে শীতের শেষ ছোঁয়া পেলেও, গরমের হাত থেকে পুরোপুরি রেহাই পাওয়া যাবে না।

কলকাতার তাপমাত্রা আপাতত স্বাভাবিকের উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির ঘরে থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে, বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি অনেকটাই কম থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও তুষারপাত হতে পারে, যার ফলে সেই অঞ্চলের ঠান্ডা আবহাওয়া কিছুটা স্থায়ী হতে পারে।

আরও পড়ুনঃ ২০২৫-এ ভাগ্যের চাকা ঘুরবে! শনি-রাহুর প্রভাব কাটিয়ে অর্থ, সুখ ও সাফল্যে ভাসবে এই ৩ রাশি

যদিও সপ্তাহান্তে আবার বাড়বে তাপমাত্রা। রবিবারের পর থেকে পারদ চড়তে শুরু করবে, ফলে শীতের আমেজ খুব বেশিদিন টিকবে না। অর্থাৎ যারা শীতের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য খারাপ খবর— এবছরের মতো শীতকে বিদায় জানাতে হবে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, ফেব্রুয়ারির মধ্যভাগেই আনুষ্ঠানিকভাবে শীত বিদায় নেবে। এরপর থেকে ধীরে ধীরে গরম পড়তে শুরু করবে, যা বসন্তের আবহ তৈরি করবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর