সঞ্চয় করেও শেষ রক্ষা নেই! ভয়াবহ আর্থিক সংকটে ভারতের অর্ধেক জনগণ!

ভারতে (India) ক্রমাগত বদলে যাচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, কর্মসংস্থানের চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান ঋণের ভার ভারতীয়দের আর্থিক স্থিতিশীলতার উপর গুরুতর প্রভাব ফেলছে। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ দৈনন্দিন খরচ মেটাতেই হিমশিম খান, সেখানে সঞ্চয় বা বিনিয়োগ অনেকের কাছেই যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণি, যারা একদিকে জীবনযাত্রার মান বজায় রাখার চেষ্টা করছেন, অন্যদিকে ভবিষ্যতের নিরাপত্তার চিন্তায় দিশেহারা।

পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে বহু মানুষ এখন মাসের শেষে সঞ্চয়ের পরিবর্তে ঋণের বোঝা টানতে বাধ্য হচ্ছেন। শিক্ষাগত ব্যয়, স্বাস্থ্য খরচ, আবাসন এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজন মেটাতে গিয়ে অনেকেই আর্থিক সংকটের মুখে পড়ছেন। মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে এমন প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে একদিকে বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব এবং অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ গড়ার চাপ তাদের সঞ্চয়ের পরিমাণকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে।

সম্প্রতি ইউগভ (YouGov) নামের একটি সংস্থার সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষা অনুযায়ী, ৩৫ থেকে ৫৪ বছর বয়সী ৫০ শতাংশ ভারতীয়ই মনে করেন যে তাদের মাসিক সঞ্চয় ভবিষ্যতের জন্য যথেষ্ট নয়। ভারতের ১২টি শহরের ৪০০০ মানুষের উপর চালানো এই সমীক্ষায় দেখা গিয়েছে, ৬০ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে তারা আর্থিকভাবে স্থিতিশীল নন এবং প্রয়োজনের তুলনায় কম সঞ্চয় করতে পারছেন।

আরও পড়ুনঃ শীতের বিদায়, গরমের আগমন! মার্চের শুরুতেই পারদ ঊর্ধ্বমুখী বাংলায়?

গবেষণায় আরও দেখা গিয়েছে, বেশিরভাগ ভারতীয়ই আজকাল ক্রেডিট কার্ডের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। সমীক্ষার রিপোর্ট বলছে, ৪৯ শতাংশ মানুষ তাদের শখ পূরণের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন, ৬৪ শতাংশ মানুষ এটি ব্যবহার করে সঞ্চয় করার চেষ্টা করেন এবং ৪৭ শতাংশ মানুষ ভবিষ্যতের জন্য আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে এটি ব্যবহার করেন। এর ফলে বেশিরভাগ মানুষই ঋণের বোঝার তলায় চাপা পড়ছেন।

এই প্রসঙ্গে এডেলউইস লাইফ ইনসিওরেন্সের এমডি এবং সিইও সুমিত রাই জানিয়েছেন, “আজকের স্যান্ডউইচ জেনারেশন একদিকে বাবা-মায়ের যত্ন, অন্যদিকে স্ত্রী-সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে আর্থিক সংকটে পড়ছেন। ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরি।” অর্থাৎ, সঠিক পরিকল্পনা ও আর্থিক সচেতনতার অভাবের কারণেই ভারতীয়দের একাংশ দেউলিয়া হওয়ার পথে এগোচ্ছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর