বিজ্ঞান যত উন্নতি করছে, মানুষের জীবন ততটাই সহজ আর গতিময় হয়ে উঠছে। একসময় যা ছিল কল্পবিজ্ঞান, তা-ই এখন বাস্তব হয়ে ধরা দিচ্ছে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গত কয়েক দশকে বিপুল পরিবর্তন এসেছে। এককালে যেখানে দূরত্ব মাপা হত দিনের হিসেবে, এখন তা বদলে গিয়েছে ঘণ্টা বা মিনিটে। ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই হাজার কিলোমিটার দূরের শহরে পৌঁছে যাওয়া এখন আর চমকপ্রদ নয়, বরং অভ্যাসে পরিণত হয়েছে। ট্রেন, গাড়ি, বিমান— সব ক্ষেত্রেই গতির প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় এবার যুক্ত হতে চলেছে এক নতুন বিপ্লব।
বুলেট ট্রেনের যুগ পার করে বিশ্ব এখন তাকিয়ে হাইপারলুপ প্রযুক্তির দিকে। গতির এই নতুন সংজ্ঞা বদলাতে পারে গোটা পরিবহন ব্যবস্থাকে। কিছু বছর আগেও যা ছিল পরীক্ষামূলক প্রকল্প, তা এখন বাস্তবে রূপ নিতে চলেছে। বিজ্ঞানীরা বলছেন, যে প্রযুক্তির ওপর ভিত্তি করে এই ব্যবস্থা চালু হতে চলেছে, তা এক কথায় অভূতপূর্ব। শূন্যচাপে চলা এই ট্রেন এতটাই দ্রুতগতির হবে যে কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। তবে, এর বাস্তবায়ন কতটা সফল হবে, সে প্রশ্নও উঠছে।
তবে এই নতুন যুগের যাত্রা শুরু করতে ভারতের নামও উঠে আসছে। সূত্রের খবর, কলকাতা থেকে পুরী পর্যন্ত হাইপারলুপ চালানোর পরিকল্পনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি চালু হলে মাত্র আধ ঘণ্টায় কলকাতা থেকে পুরী পৌঁছে যাওয়া সম্ভব হবে! শূন্যচাপ টিউবের মধ্যে চৌম্বক শক্তির সাহায্যে এই ট্রেন চলবে, যার গতিবেগ ঘণ্টায় ১১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বর্তমানে এই প্রকল্পের জন্য ৪২২ মিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাক তৈরি করা হয়েছে, যেখানে শীঘ্রই পরীক্ষামূলক দৌড় শুরু হতে পারে।
আরও পড়ুনঃ ঈদের ছুটি পেল কলকাতা, কিন্তু বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল! কেন এই সিদ্ধান্ত? টাইপোগ্রাফিক্যাল ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত?
এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল এর পরিবেশবান্ধব বৈশিষ্ট্য। সাধারণ রেল ব্যবস্থার তুলনায় অনেক কম শক্তি প্রয়োজন হবে, যা বৈদ্যুতিক বা সৌরশক্তির মাধ্যমে চালিত হতে পারে। পাশাপাশি, ধুলোময়লা বা শব্দদূষণের সম্ভাবনাও নেই। তবে, এই প্রকল্প বাস্তবায়নে খরচ যথেষ্ট বেশি, যা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যদি এই প্রকল্প সফল হয়, তবে ভবিষ্যতে ভারতের অন্যান্য শহরেও হাইপারলুপ পরিষেবা চালু করা হতে পারে। এর ফলে পরিবহণ ব্যবস্থায় এক নতুন বিপ্লব আসবে। এখন দেখার, পরীক্ষামূলক দৌড় কতটা সফল হয় এবং বাস্তবে এই গতিময় যাত্রা কবে শুরু হয়!





