Ssc scam : ‘রাজনীতি চাই না’ বলে আন্দোলন, অথচ তৃণমূল নেতার অযোগ্য মেয়ে অঙ্কিতা সামনের সারিতে! তাহলে কি আন্দোলনও এখন তৃণমূলের নাটক?

চাকরির স্বপ্ন নিয়ে হাজার হাজার শিক্ষিত যুবক-যুবতী এসেছিলেন এসএসসি-র দরজায়। কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্ন যেন পরিণত হয়েছে বিভীষিকায়। আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন অনেকেই, যাঁদের মধ্যে কেউ ছিলেন ‘যোগ্য’, আবার কেউ ‘অযোগ্য’। এই প্রেক্ষাপটেই রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ, বঞ্চিতদের ফের চাকরিতে ফেরানোর দাবি উঠেছে বারবার। সাধারণ মানুষের দৃষ্টিতে এই আন্দোলন শুধুই ন্যায্য অধিকার ফিরে পাওয়ার লড়াই।

এই আন্দোলন নিয়ে আগে থেকেই বলা হয়েছিল, এখানে রাজনীতির কোনো স্থান নেই। এমনকী অনেক ‘যোগ্য চাকরিহারা’ স্পষ্টভাবে জানিয়েছিলেন—“আমরা রাজনীতি চাই না, আমরা ন্যায্য অধিকার চাই।” অথচ শনিবার সন্ধ্যায় এক দৃশ্য দেখে অনেকেই চমকে উঠেছেন। কারণ, সেই মিছিলের সামনের সারিতে দেখা গেল অঙ্কিতা অধিকারীকে—যিনি আদালতের চোখে প্রথম ‘অযোগ্য চাকরিপ্রার্থী’। প্রশ্ন উঠছে—তাঁর এই উপস্থিতি কি আন্দোলনকেই বিতর্কিত করছে?

কোচবিহারের হলদিবাড়িতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় ‘যোগ্যদের চাকরিতে ফেরানো’র দাবিতে। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে এই মিছিল। নেতৃত্ব দেন যুব তৃণমূলের জেলা সভাপতি কমলেশ অধিকারী। আর এই মিছিলের সামনের সারিতেই দেখা যায় পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে। এই বিষয়ে যদিও তিনি একটিও কথা বলেননি, কিন্তু তাঁর উপস্থিতিই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

২০১৮ সালে তৃণমূলে পরেশ অধিকারীর যোগদানের কিছুদিন পরেই অঙ্কিতা অধিকারী শিক্ষক পদে নিযুক্ত হন। পরে অভিযোগ ওঠে, তিনি কম নম্বর পেয়েও অবৈধভাবে চাকরি পেয়েছেন। প্রায় ৪১ মাস চাকরি করার পর আদালতের নির্দেশে চাকরি চলে যায় তাঁর। পরে সেই চাকরিটি দেওয়া হয় ববিতা সরকারকে, তাঁর চাকরিও বাতিল হয় এবং তা পেয়ে যান অনামিকা রায়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, অনামিকাও ২৬ হাজার ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীর তালিকায় পড়ে গিয়েছেন।

আরও পড়ুনঃ Murshidabad : অশান্ত মুর্শিদাবাদ জ্বলছে, আরামবিলাসে ব্যস্ত সাংসদ ইউসুফ! ফুরফুরে বিকেলে ‘চা’য়ের ছবি ঘিরে সমাজ মাধ্যমে ছিঃছিঃ

এখনেই প্রশ্ন—যেখানে আন্দোলনের মূলসুর ছিল ‘রাজনীতি নয়, ন্যায্য অধিকার চাই’, সেখানে পরেশ অধিকারীর কন্যা, এক সময়ের ‘অযোগ্য চাকরিহারা’ কেমন করে মিছিলে হাঁটলেন? তাও আবার সামনের সারিতে? তাহলে কি এই আন্দোলনেও তৃণমূলপন্থী শিক্ষকদের দখল তৈরি হচ্ছে? ‘যোগ্যরা’ কি আর আন্দোলনের চালক রইলেন না? এই প্রশ্নগুলোর জবাব আজও অজানা, তবে এই ঘটনায় আন্দোলনের নিরপেক্ষতা যে প্রশ্নের মুখে, তা আর অস্বীকার করা যাচ্ছে না।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর