Aviation Rules: ‘বাড়ি ভাঙা হবে, ক্ষতিপূরণও মিলবে’—নতুন বিধিতে কড়া বার্তা অসামরিক উড়ান দফতরের!

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার এক বিমান দুর্ঘটনা ফের নাড়িয়ে দিয়েছে প্রশাসনকে। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিজে হস্টেলের ছাদে ভেঙে পড়া সেই বিমানের ঘটনা সবার মনেই প্রশ্ন তুলে দিয়েছিল—বিমানবন্দরের আশেপাশের উঁচু বিল্ডিংগুলি কি আসলে আকাশপথের নিরাপত্তার বড় বাধা হয়ে উঠছে? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতেই নড়েচড়ে বসল অসামরিক উড়ান মন্ত্রক।

আহমেদাবাদের ঘটনার পরই অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা ‘এয়ারক্রাফ্ট (ডেমোলিশন অব অবস্ট্রাকশনস) রুলস ২০২৫’ নামে একটি খসড়া বিল এনেছে। ১৮ জুন প্রকাশিত এই খসড়া বিলে বলা হয়েছে, বিমানবন্দর সংলগ্ন এলাকায় যদি কোনও বিল্ডিং বা গাছ উচ্চতার সীমা অতিক্রম করে, তবে তা ভেঙে ফেলা বা ছেঁটে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে যাতে ভবিষ্যতের দুর্ঘটনা ঠেকানো যায়।

নতুন খসড়া বিলে স্পষ্ট বলা হয়েছে, কোনও বিল্ডিং যদি অ্যারোডোম বা বিমানবন্দরের নির্ধারিত উচ্চতা সীমা অতিক্রম করে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল্ডিং মালিককে নোটিস পাঠাবেন। বিল্ডিংয়ের নকশা, উচ্চতা ও আয়তন সংক্রান্ত সমস্ত নথি ৬০ দিনের মধ্যে জমা দিতে হবে। যদি কেউ সহযোগিতা না করেন, তবে প্রশাসনের হাতে থাকবে সেই বিল্ডিং আংশিক বা পুরোপুরি ভেঙে দেওয়ার আইনি অধিকার।

এই আইনে ডিজিসিএ ও জেলা প্রশাসককে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। ডিজিসিএ বা সংশ্লিষ্ট কোনও অফিসার যদি এমন কোনও বাধা খুঁজে পান, তবে বিল্ডিং ভাঙা বা গাছ কাটার সরাসরি নির্দেশ দিতে পারবেন। সেই নির্দেশ ৬০ দিনের মধ্যে পালন করতে হবে। যদি কেউ বৈধ কারণ দেখান, আরও ৬০ দিনের সময় দেওয়া হতে পারে। আর যদি কেউ বাধা দেন, তবে জেলাশাসক নিজে হস্তক্ষেপ করে গাছ কাটা বা বিল্ডিং ভাঙার প্রক্রিয়া শুরু করবেন।

আরও পড়ুনঃ Donald Trump-Asim Munir Meeting: ট্রাম্প-মুনির গোপন বৈঠকে চাঞ্চল্য! ভারতের বিরুদ্ধে কি নতুন ছক?

যাঁদের বাড়ি বা গাছ এই আইনের আওতায় পড়বে, তাঁরা ক্ষতিপূরণের দাবিতে আবেদন করতে পারবেন ভারতীয় বায়ুযান আইনের ২২ ধারার অধীনে। তবে সরকারি নির্দেশিকা জারি হওয়ার পরে যদি কেউ নতুন কোনও অবৈধ নির্মাণ করেন বা উচ্চতা সীমা লঙ্ঘন করেন, তাহলে তাঁদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না। একমাত্র বৈধ অনুমতিপত্র ও নথির ভিত্তিতেই ক্ষতিপূরণের দাবি করা যাবে। অর্থাৎ, এবার থেকে বিমানবন্দরের আশেপাশে কোনও নির্মাণ করার আগেই চিন্তা করে এগোতে হবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles