মা মানে পৃথিবী। এই একটা লাইনই যথেষ্ট সম্পর্কটা বোঝানোর জন্য। গোটা বছর যার সঙ্গে ভালোবাসায়, রাগে, আবদারে, শ্রদ্ধায় কেটে যায়, বছরের একটা দিন নির্ধারিত করা রয়েছে জীবনের সবচেয়ে প্রিয় সেই মানুষটির জন্য।
মে মাসের দ্বিতীয় রবিবার গোটা বিশ্ব জুড়ে পালন করা হয় মাদার্স ডে। এইবছর তা পড়েছে ১০ই মে।
কিন্তু এখন তো লকডাউন চলছে। রেস্তোরাঁ টু শপিং মল সব বন্ধ। তাহলে কী হবে? চিন্তা কীসের? এবার অন্যভাবে পালন করুন মাদার্স ডে। আপনাদের জন্য রইল একগুচ্ছ টিপস!
১. মায়ের জন্য বানান মায়ের প্রিয় কোনো বিশেষ পদ
লকডাউনের সবথেকে বড় উপকারিতা হল আপনি মায়ের সঙ্গে সবসময় থাকছেন। তাই দিনরাত মায়ের হাতের রান্না খাচ্ছেন। প্রত্যেক সন্তানেরই পছন্দের খাবারের তালিকায় থাকে মায়ের হাতের কোনও না কোনও বিশেষ পদ। এবার মাতৃদিবসে ছক ভাঙুক নাকি? নিজের হাতে মায়ের জন্য বানিয়ে ফেলুন মায়ের পছন্দের কোনও রেসিপি। রান্না না জানলে ইউটিউব তো আছেই। হঠাৎ মাস্টারশেফ হয়ে চমকে দিন মাকে।
২. ত্বকের যত্ন নিন
নিজেকে কে না ভালোবাসেন! ফি মাসে পার্লার দৌড়াই আমরা কিন্তু মায়েরা এইসব চায় কিনা ভেবে দেখেছি কোনোদিন? এই লকডাউনের বাজারে মাতৃদিবসে মায়েদের জন্য নিজের বাড়িতেই ব্যবস্থা করুন মিনি স্পায়ের। মাকে সাজিয়ে তুলুন আপনারই মেক-আপ কিট দিয়ে, ঠিক যেমন ছোট্টবেলায় মা আপনাকে সাজিয়ে দিতেন।
৩. মায়ের জন্য চিঠি
লাভলেটার তো জীবনে লিখেছেন অনেক, এবার একটা মম-লেটার লিখুন না। প্রতি মূহুর্তে আপনার জন্য মা যা যা করেন, তার জন্য চিঠিতে মা কে লিখে দিন একটা ছোট্ট থ্যাঙ্ক ইউ। চিঠি পড়ে মায়ের হাসিটাই তো মাতৃদিবসের সেরা প্রাপ্তি।
৪.ঘরের কাজে মাকে সাহায্য করুন
“এই নে ধর চা-টা” শুনে রোজ ঘুম ভাঙে আপনার। এইদিন মায়ের ঘুম ভাঙুক “এই নাও মা তোমার জন্য বেড-টি এনেছি” শুনে। দিনটাই শুরু হবে মায়ের মুখে একগাল হাসি দিয়ে। একটা গোটা দিন মাকে ঘরের কাজে সাহায্য করুন।করোনা আবহে বাড়ির পরিচারিকা হয়তো রয়েছেন ছুটিতে। দেখবেন মা অনেকটা ভাল থাকছেন।
৫. একসঙ্গে গান-গল্প-সিনেমা
মাকে নিয়ে সিনেমাও দেখতে যেতে পারবেন না এখন, না কোথাও শপিং। তো কী হয়েছে? দুপুরে মাকে পছন্দের পদ খাইয়ে এসি চালিয়ে মায়ের সঙ্গে বসে পড়ুন সিনেমা দেখতে। ইউটিউব, নেটফ্লিক্স কত কিছু আছে। মার পছন্দ মত সিনেমা দেখুন। তারপর বিকাল হলে ছাদে গিয়ে জমিয়ে আড্ডা, কখনও বা খোলা গলায় একসঙ্গে গান। এখন শপিং যেতে পারছেন না, শপিং অ্যাপগুলোতে একসঙ্গে দেখে পছন্দের জিনিস কার্টে জমা করুন, দেখবেন কোথা দিয়ে সময় কেটে যাচ্ছে বুঝতে পারবেন না।
সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মা! সন্তান পরিণত হলে মা-বাবার যত্ন ও নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব সন্তানেরই। লকডাউনে ভাল আমরা কেউ নেই, তবু চেষ্টা করে যাচ্ছি। যে মানুষটা আমাদের পৃথিবীর আলো দেখাল তাকে আমরা একদিন জীবনের সবটুকু আলো তো দিতেই পারি, তাই না?





