Biman Basu: বামের জোটের দরজায় কি হুমায়ুন কবীর? বিমান বসুর মন্তব্যে তীব্র জল্পনা রাজনীতিতে!

রাজ্য রাজনীতিতে জোটের অঙ্ক নতুন কিছু নয়। তবে ভোট যত এগিয়ে আসে, ততই সেই অঙ্কে যোগ হয় নতুন নতুন নাম, নতুন নতুন সম্ভাবনা। তেমনই এক রাজনৈতিক জল্পনা ঘিরে এখন চর্চায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সদ্য গঠিত এক দলের সঙ্গে বামেদের সম্ভাব্য যোগাযোগ নিয়ে তাঁর একটি মন্তব্যে শুরু হয়েছে নানা প্রশ্ন। সরাসরি কিছু না বললেও, তাঁর কথায় কি নতুন কোনও ইঙ্গিত মিলল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি (JUP) গঠন করেছেন হুমায়ুন কবীর। দল গঠনের পর থেকেই রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করে চলেছেন তিনি। পাশাপাশি, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর ডাকও দিয়েছেন। সেই লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোটের বার্তা পাঠিয়েছেন হুমায়ুন। কংগ্রেস, আইএসএফ, মিম— একাধিক দলের নাম উঠে এসেছে তাঁর বক্তব্যে। এমনকি ৩০ জানুয়ারি পর্যন্ত জোটের দরজা খোলা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এই জোট-বার্তার মধ্যেই উঠে আসে বামেদের নাম। বামফ্রন্টের সঙ্গে কি আদৌ কোনও আলোচনা হয়েছে? এই প্রশ্নের উত্তরে বিমান বসু স্পষ্ট করে বলেন, বামফ্রন্টে জোট নিয়ে আলোচনা চলছে ঠিকই, তবে এখনও বাইরে বলার মতো পর্যায়ে কিছু আসেনি। তিনি জানান, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা হচ্ছে, কিন্তু আলোচনা শেষ হয়নি। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাঁর আর একটি মন্তব্য— হুমায়ুন কবীরের সঙ্গে সরাসরি কোনও কথা হয়নি, শুধু মাধ্যম মারফত কিছু বার্তা এসেছে, যা এখনও আলোচ্য সূচিতে ওঠেনি।

তবে রাজনৈতিক কারবারিদের একাংশের মতে, বিমান বসু হুমায়ুনের প্রস্তাব একেবারে উড়িয়ে দেননি। ‘আলোচ্য সূচিতে আসেনি’— এই বাক্যটাই নতুন জল্পনার জন্ম দিয়েছে। অর্থাৎ, সঠিক পথে এবং সঠিকভাবে প্রস্তাব এলে ভবিষ্যতে বিষয়টি আলোচনায় আসতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। এখানেই প্রশ্ন উঠছে, তৃতীয় জোটের অঙ্কে কি ভবিষ্যতে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে?

আরও পড়ুনঃ “যে সংস্থার আইনগত অস্তিত্বই নেই, সেখান থেকেই ১৩.৫ কোটি টাকার ঋণ নেওয়ার দাবি”, আই-প্যাক বিতর্কে তৃণমূলের ভূমিকা ঘিরে ফের প্রশ্নের মুখে প্রশাসন!

এই প্রসঙ্গে তৃণমূলের তরফে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখপাত্র তন্ময় ঘোষ। তাঁর বক্তব্য, হুমায়ুন কবীর প্রকাশ্যে বলেছেন প্রয়োজনে বিজেপির সমর্থন নিয়ে সরকার গড়বেন। যিনি এমন কথা বলছেন, তাঁর সঙ্গে বামেদের সম্ভাব্য যোগাযোগ রাজ্যের রাজনীতিতে খারাপ দৃষ্টান্ত তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। যদিও বামফ্রন্টের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা হয়নি। ফলে, জোটের অঙ্কে হুমায়ুন কবীর আদৌ কোথায় দাঁড়িয়ে, তা সময়ই বলবে। আপাতত বিমান বসুর মন্তব্যে রাজনৈতিক জল্পনা যে আরও এক ধাপ বেড়েছে, তা বলাই যায়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর