পরিবর্তনের বাংলায় টলি অভিনেত্রী থেকে সোজা ‘মাছওয়ালি’ কৌশানী মুখোপাধ্যায়! “একি হাল!?” ভাইরাল ছবি ঘিরে তুমুল চর্চা নেটপাড়ায়!

টলিউডে গত কয়েক বছরে নিজের অভিনয়ের মাধ্যমে আলাদা জায়গা তৈরি করেছেন কৌশানী মুখোপাধ্যায়। কেরিয়ারের শুরুতে বাণিজ্যিক ছবিতে কাজ করলেও সেইভাবে সাফল্য পাননি অভিনেত্রী। তবে সময়ের সঙ্গে বদল এসেছে তাঁর কাজের ধরণে। বিশেষ করে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করার পর কৌশানীর অভিনয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘বহুরূপী’ ছবিতে ঝিমলি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসা পায়। ২০২৪ সালের পর থেকেই ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালকদের পছন্দের তালিকায় উঠে আসে কৌশানীর নাম।

এবার সেই অভিনেত্রীকেই একেবারে অন্য রূপে দেখে অবাক নেটপাড়া। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মাছের বাজারে বসে মাছ কাটছেন কৌশানী। সাধারণ শাড়ি, ক্লান্ত মুখ আর ঘেমে যাওয়া চেহারায় তাঁকে চিনতেই কষ্ট হচ্ছে অনেকের। টলিউডের পরিচিত ‘গ্ল্যাম ডল’কে এমন অবতারে দেখে চমকে গিয়েছেন দর্শকরা। অনেকে প্রথমে ভেবেছিলেন, সত্যিই হয়তো অন্য কোনও পেশায় নেমেছেন অভিনেত্রী। তবে পরে জানা যায়, এটি আসলে তাঁর নতুন ছবির শুটিংয়ের দৃশ্য। আর সেই কারণেই এত বাস্তব লুকে ধরা দিয়েছেন কৌশানী।

ভাইরাল হওয়া এই দৃশ্যটি শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের আসন্ন ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র শুটিংয়ের অংশ। বর্তমানে জোরকদমে চলছে ছবির কাজ। বোলপুরের ব্যস্ত এলাকায় শুটিং চলার সময় সাধারণ মানুষের ক্যামেরাতেই ধরা পড়ে যায় সেই মুহূর্ত। ভিডিওতে দেখা যায়, মাছবাজারের মধ্যেই বসে কাজ করছেন কৌশানী। চারপাশে সাধারণ মানুষের ভিড়ও নজরে এসেছে। ফলে মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে অভিনেত্রীর চরিত্র নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

অন্যদিকে এই ছবিতে একেবারে আলাদা লুকে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। ভাইরাল হওয়া ঝলকে তাঁকে মোটা গোঁফ এবং ভারী চেহারায় দেখা গিয়েছে। সেই লুকেও তাঁকে সহজে চিনতে পারেননি অনেকে। শুধু কৌশানী নন, ছবির আরও একাধিক শিল্পীর লুকও ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। এর আগে মালদাতেও ছবির শুটিং চলাকালীন বেশ কিছু দৃশ্য ভাইরাল হয়েছিল। তখনও ‘ঝিমলি’র লুকে দেখা গিয়েছিল কৌশানীকে। পাশাপাশি অভিজিৎ গুহ এবং বর্ষীয়ান অভিনেতা প্রদীপ ভট্টাচার্যের উপস্থিতিও ধরা পড়েছিল সাধারণ মানুষের ক্যামেরায়।

আরও পড়ুনঃ হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’-এ কি এবার ভাঙনে’র সাইরেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার নোটিস, সত্যিই কি বুলডোজার নামাতে চলেছে প্রশাসন?

বর্তমানে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। শুটিংয়ের ছোট ছোট মুহূর্ত ভাইরাল হওয়ায় ছবিটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে। বিশেষ করে কৌশানীর এই নতুন রূপ এখন আলোচনার কেন্দ্রে। গ্ল্যামারাস ইমেজ ভেঙে বাস্তব ঘরানার চরিত্রে তাঁকে দেখে অনেকেই প্রশংসা করছেন। অভিনেত্রীর এই পরিবর্তন যে তাঁর কেরিয়ারের নতুন দিক তুলে ধরছে, তা বলছেন টলিপাড়ার একাংশ। এখন দর্শকদের অপেক্ষা ছবির মুক্তি এবং বড় পর্দায় কৌশানীর এই নতুন চরিত্রকে দেখার জন্য।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর