জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ নিয়ে বড় ঘোষণা করল চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি ‘দিদি নাম্বার ওয়ান সিজন ১০’-এর খবর সামনে এসেছে। নতুন সিজনে আগের তুলনায় বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানা যাচ্ছে। এবার একসঙ্গে ১০ জন প্রতিযোগীকে খেলতে দেখা যাবে, যা অনুষ্ঠানের ফরম্যাটে নতুন মাত্রা যোগ করবে।
শুধু খেলার ধরনেই নয়, সঞ্চালকের ক্ষেত্রেও পরিবর্তনের জোর গুঞ্জন রয়েছে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানের মুখ হয়ে থাকা রচনা বন্দ্যোপাধ্যায়কে নতুন সিজনে দেখা নাও যেতে পারে বলে খবর। তাঁর পরিবর্তে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সঞ্চালনার দায়িত্ব নিতে পারেন বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
এরই মধ্যে চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে অনুষ্ঠানের নতুন সম্প্রচার সময়। বহু বছর ধরে বিকেলের নির্দিষ্ট সময়ে দর্শকদের কাছে পরিচিত ছিল ‘দিদি নাম্বার ওয়ান’। তবে আগামী ২৯ জুন থেকে সেই পুরনো সময় আর থাকছে না। নতুন সময়সূচি অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি।
সময় পরিবর্তনের খবর প্রকাশ্যে আসতেই দর্শকদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের মতে, দীর্ঘদিনের অভ্যাস বদলে যাওয়ায় অনুষ্ঠানের দর্শকসংখ্যা ও টিআরপির উপর প্রভাব পড়তে পারে। আবার কেউ কেউ মনে করছেন, সঞ্চালক পরিবর্তন হলে অনুষ্ঠানটি আগের মতো জনপ্রিয়তা ধরে রাখতে সমস্যায় পড়তে পারে।
আরও পড়ুনঃ জীবনের কোন ঘটনাগুলো বদলে দিয়েছে তাঁকে? কঠিন সময়ে কারা থেকেছেন পাশে? নতুন দায়িত্বের মাঝেই জীবনের বড় শিক্ষা ও ভালোবাসা নিয়ে মুখ খুললেন বিক্রম চট্টোপাধ্যায়!
অন্যদিকে, ‘দিদি নাম্বার ওয়ান’-এর পুরনো বিকেলের স্লটে আসছে নতুন ধারাবাহিক ‘দুলারি’। আগামী ২৯ জুন থেকে বিকেল ৫টায় সম্প্রচার শুরু হবে এই সিরিয়ালের। এই ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী দেবপ্রিয়া বসু আবারও ছোট পর্দায় ফিরছেন, যা নিয়ে দর্শকদের মধ্যেও যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে।






