অ্যাকশন ও ড্রামায় ভরপুর নতুন ছবিতে দেখা যেতে চলেছে অভিনেতা রোহন ভট্টাচার্যকে। তাঁর সঙ্গে এই ছবিতে জুটি বাঁধছেন অভিনেত্রী পিয়ালী চ্যাটার্জি। স্পর্শ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আসছে মাইথোলজিক্যাল ফিউশন অ্যাকশন থ্রিলার ‘দশানন’। পৌরাণিক আবহের সঙ্গে আধুনিক অ্যাকশনের মিশেল থাকছে এই ছবিতে। ফলে দর্শকদের জন্য একেবারে অন্য ধরনের গল্প নিয়ে হাজির হতে চলেছে ছবিটি।
‘দশানন’ পরিচালনা করছেন সপ্তাশ্ব বসু। ছবিতে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি থাকবে পৌরাণিক উপাদান এবং টানটান উত্তেজনা। ছবির ক্রিয়েটিভ প্রোডিউসারের দায়িত্বে রয়েছেন অপলা চৌধুরী। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন ঈশান মিত্র। সরফরাজ আহমেদ, অভিষেক কুমার সিং এবং তন্ময় ঘোষের নিবেদনে তৈরি হচ্ছে এই ছবি। প্রযোজনা সংস্থার দাবি, অ্যাকশন ও পৌরাণিক গল্পের সংমিশ্রণে ছবিটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
ছবিতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রোহনও। অভিনেতার কথায়, অনেকদিন ধরেই তিনি অ্যাকশন ঘরানার ছবিতে কাজ করতে চেয়েছিলেন। ‘দশানন’ সেই সুযোগ এনে দিয়েছে। তাঁর মতে, ছবিতে গান, অ্যাকশন এবং গল্পের মধ্যে সুন্দর ভারসাম্য রয়েছে। চরিত্রের জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন তিনি। বিশেষ করে ছবির নামটিই তাঁর বেশ পছন্দ হয়েছে। ‘দশানন’ নামটির মধ্যেই আলাদা একটা আকর্ষণ রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।
এর আগে বিভিন্ন ছবি ও সিরিজে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন রোহন ভট্টাচার্য। কখনও তাঁকে অ্যাকশন চরিত্রে, কখনও রোম্যান্টিক ভূমিকায় আবার কখনও থ্রিলার ঘরানার গল্পে দেখা গিয়েছে। প্রতিটি কাজেই নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেতা। এবার সপ্তাশ্ব বসুর পরিচালনায় প্রথমবারের মতো অ্যাকশন থ্রিলারের জগতে তাঁকে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ টলিপাড়ায় খুশির জোয়ার! অনুপম রায় ও প্রস্মিতা পালের কোল আলো করে এল ছোট্ট অতিথি! পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় গায়ক ও গায়িকা দম্পতি?
রোহনের বিপরীতে থাকছেন পিয়ালী চ্যাটার্জি। এই জুটিকেও প্রথমবার এমন একটি অ্যাকশন নির্ভর ছবিতে দেখা যাবে। পৌরাণিক আবহ, আধুনিক অ্যাকশন এবং রহস্যের মিশেলে ‘দশানন’ কতটা দর্শকদের মন জয় করতে পারে, এখন সেটাই দেখার। ছবির গল্প ও চরিত্র নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। তবে রোহনের নতুন লুক এবং চরিত্র নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।






