বিগ বস বাংলার জন্য আচমকাই শেষ হচ্ছে স্টার জলসার অন্যতম ২ জনপ্রিয় ধারাবাহিক! জেনে নিন, ৩১ অগস্ট থেকে কোন কোন ধারাবাহিক আর দেখতে পাবেন না? তালিকায় নেই তো আপনার প্রিয় গল্প?

প্রায় এক দশক পর স্টার জলসায় ফিরতে চলেছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। আগামী ৩০ অগস্ট রাত ৮টায় হবে এর গ্র্যান্ড প্রিমিয়ার। এরপর ৩১ অগস্ট থেকে প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় এক ঘণ্টার এই শো চলবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। ফলে বিগ বসকে জায়গা করে দিতে স্টার জলসার সন্ধে ও রাতের একাধিক ধারাবাহিকের সময় বদল করা হয়েছে।

চ্যানেলের নতুন সূচিতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে। এতদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখা যেত রণজয় বিষ্ণু ও অভীকা মালাকার অভিনীত এই মেগা। এবার সেই স্লট ছেড়ে সন্ধে ৭টা ৩০ মিনিটে চলে যাচ্ছে ধারাবাহিকটি। এই পরিবর্তনের কারণে মাত্র চার মাসের মাথায় শেষ হতে চলেছে কুণাল শীল ও সপ্তশ্রী নন্দ অভিনীত ‘ঘূর্ণি’। বিগ বসের জন্য ‘ওহ মোর দরদিয়া’ বন্ধ হতে পারে বলে জল্পনা থাকলেও নতুন সূচিতে তার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

এদিকে ‘কম্পাস’ ধারাবাহিকের সফরও শেষ হওয়ার পথে বলে টেলিপাড়ায় আলোচনা চলছে। অর্কপ্রভ ও পর্ণা চক্রবর্তী অভিনীত এই মেগাটি দর্শকদের মধ্যে জনপ্রিয় হলেও এবার বন্ধ হয়ে যেতে পারে বলে খবর। অন্যদিকে ‘শুধু তোমারই জন্য’কে ফের পুরনো স্লটে ফিরিয়ে আনা হয়েছে। ৩১ অগস্ট থেকে বিকেল ৫টা ৩০ মিনিটে দেখা যাবে এই ধারাবাহিক। অর্থাৎ দীপান্বিতার ধারাবাহিকের কার্যত ‘ঘরওয়াপসি’ হচ্ছে।

নতুন সূচি অনুযায়ী, ‘প্রতিজ্ঞা’ প্রতিদিন সন্ধে ৭টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে। ‘শুধু তোমারই জন্য’ দেখা যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে। অন্যদিকে মানালি দে ও সব্যসাচী চৌধুরী অভিনীত ‘সংসার সংকীর্তন’কে রাত ১০টা থেকে সরিয়ে রাত ১০টা ৩০ মিনিটে দেওয়া হয়েছে। অর্থাৎ ৩১ অগস্ট থেকে বিগ বস বাংলার পরেই দেখা যাবে এই ধারাবাহিক। বাকি ধারাবাহিকগুলির ক্ষেত্রে আপাতত সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

আরও পড়ুনঃ এবার ‘দশানন’ রোহন ভট্টাচার্য! ভিন্নধারার অ্যাকশন-থ্রিলারে একদম নতুন অবতারে, কোন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা? আসছে নতুন ছবি?

স্টার জলসার প্রাইম টাইমে ‘বিগ বস বাংলা’র প্রবেশ ঘিরে তাই একাধিক ধারাবাহিকের ভাগ্য বদলে গেল। মাত্র কয়েক মাসের মধ্যে দুটি মেগার পথচলা থামতে চলেছে বলে খবর, আবার অন্য কয়েকটি ধারাবাহিক পেয়েছে নতুন সময়। বিশেষ করে ‘প্রতিজ্ঞা’কে রাতের স্লট থেকে সরিয়ে সন্ধ্যায় নিয়ে আসার সিদ্ধান্ত দর্শকরা কীভাবে নেন, সেটাই এখন দেখার। ৩১ অগস্ট থেকে নতুন সূচিতে অনুষ্ঠানগুলি সম্প্রচার শুরু হলে দর্শকদের প্রতিক্রিয়াও স্পষ্ট হবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর