‘১৮ বছর বয়সে মেয়েরা কী খেতে পারে, ছেলেরা পারে না?’ ‘দাদাগিরি ১০’-এর মঞ্চে, দেবের গুগলিতে মাথা ঘুরল প্রতিযোগীর! আপনি জানেন কি উত্তরটা?

‘দাদাগিরি ১০’-এর মঞ্চে দেবের মজার প্রশ্নে মাঝেমধ্যেই চমকে যাচ্ছেন প্রতিযোগীরা। সম্প্রতি এমনই একটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সঙ্গীতশিল্পী দেবস্মিতা। বহু ভাষায় গান গেয়ে দর্শকদের মন জয় করা দেবস্মিতাও অবশ্য এই গুগলির উত্তর দিতে গিয়ে বেশ সমস্যায় পড়েন। দেবের প্রশ্ন ছিল, ১৮ বছর বয়সে প্রথমবার ভোট দেওয়ার পর মহিলারা আইনত এমন কী খেতে পারেন, যা পুরুষরা পারেন না? প্রশ্ন শুনে রীতিমতো থমকে যান দেবস্মিতা।

এরপর এই প্রশ্নের উত্তর খুঁজতে এগিয়ে আসেন আর এক প্রতিযোগী প্রশান্ত কর্মকার। অর্জুন পুরস্কার পাওয়া এই বাঙালি সাঁতারু নিজের মতো করে প্রশ্নটির যুক্তি মিলিয়ে উত্তর দেন, ‘শাদি কা লাড্ডু’। প্রশান্তের ব্যাখ্যা ছিল, ১৮ বছর বয়সে মেয়েরা যেমন ভোট দেওয়ার অধিকার পান, তেমনই বিয়ের বয়সও হয়ে যায়। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে ভোট দেওয়ার বয়স ১৮ হলেও বিয়ের আইনি বয়স ২১। তাই দুইয়ের মধ্যে বয়সের এই পার্থক্য থেকেই তিনি নিজের উত্তরটি দেন।

প্রশান্তের উত্তর দেবের ঠিক করে দেওয়া উত্তরের সঙ্গে পুরোপুরি মেলেনি। তবে প্রশ্নের যুক্তিটা সঠিকভাবে ধরতে পারায় দেব তাঁর উত্তরে খুশি হন। সেই কারণে প্রশান্তকে পুরো ১২ পয়েন্টও দিয়ে দেন তিনি। পরে দেবস্মিতাও আসল উত্তরটি জানতে পারেন। দেব জানান, উত্তরটি হল ‘আইবুড়ো ভাত’। বাঙালি রীতিতে বিয়ের আগে অবিবাহিত মেয়েদের আইবুড়ো ভাত খাওয়ানোর প্রসঙ্গ তুলে দেব প্রশ্নটির ব্যাখ্যা করেন। তাঁর যুক্তি ছিল, ১৮ বছর বয়সে মেয়েদের বিয়ের সুযোগ থাকায় এই উত্তরটি প্রযোজ্য।

মঞ্চে এই মজার প্রশ্ন ও উত্তর নিয়ে হাসির পরিবেশ তৈরি হলেও, অনুষ্ঠানটির এই অংশ প্রকাশ্যে আসার পর দেবকেও ঘিরে শুরু হয়েছে মজা। কারণ প্রশ্নের সঙ্গে জড়িয়ে থাকা ‘আইবুড়ো ভাত’ প্রসঙ্গই এখন নেটিজেনদের কৌতূহলের কারণ। দেব নিজে কবে আইবুড়ো ভাত খাবেন, সেই প্রশ্ন তুলছেন অনেকে। দীর্ঘদিন ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে দেবের সম্পর্ক নিয়ে আলোচনা হলেও বিয়ে নিয়ে এখনও কোনও ঘোষণা করেননি দুজনেই।

আরও পড়ুনঃ ‘হঠাৎ দু’দিন গুরুত্ব পেয়ে নিজেকে বিরাট হনু ভাবছেন!’ যাদবপুর ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি, এরই মাঝে ঋতাভরীর মা শতরূপার পোস্ট ঘিরে জোর চর্চা, ইঙ্গিত শাসকদলের কার দিকে?

ফলে ‘দাদাগিরি’র মঞ্চের এই গুগলি এখন সোশ্যাল মিডিয়াতেও আলাদা করে নজর কেড়েছে। দেবস্মিতাকে করা প্রশ্নের উত্তর নিয়ে যেমন দর্শকদের মধ্যে আলোচনা চলছে, তেমনই দেবের ব্যক্তিগত জীবন নিয়েও মজার মন্তব্য করছেন অনুরাগীরা। মঞ্চে প্রতিযোগীদের বুদ্ধি যাচাই করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই যে এমন প্রশ্নের মুখে পড়বেন, সেটাই এখন নেটপাড়ার আলোচনার বিষয়। ‘আইবুড়ো ভাত’ নিয়ে দেবের দেওয়া যুক্তির পর এবার তাঁকেই কবে সেই ভাত খেতে দেখা যাবে, সেই প্রশ্নই ঘুরছে অনুরাগীদের মধ্যে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর