দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি নিয়ে দর্শকদের আগ্রহ নতুন করে তৈরি হয়েছে। তার অন্যতম কারণ তাঁদের আসন্ন ছবি ‘দেশু ৭’। ছবির প্রচারও এখন জোরকদমে চলছে। বৃহস্পতিবার শ্রীরামপুরে ছিল ছবির বিশেষ প্রচার অনুষ্ঠান। সেখানে দেব ও শুভশ্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন ইধিকা পাল এবং অনির্বাণ ভট্টাচার্য। ছবি নিয়ে কথাবার্তার মাঝেই দেব এমন একটি প্রশ্ন করে বসেন, যার উত্তর শুনে কার্যত লজ্জায় পড়ে যান অভিনেতা। শুভশ্রীর মুখ থেকে নিজের প্রশংসা শুনে পাশে বসে রীতিমতো ব্লাশ করতে দেখা যায় তাঁকে। ঘটনাটি এখন বেশ চর্চায়।
আসলে এদিন শুভশ্রীকে সরাসরি দেব প্রশ্ন করেন, তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন। উত্তরে অভিনেত্রী বলেন, বিষয়টি ইতিমধ্যেই সকলের জানা হয়ে গিয়েছে। এমনকী, তাঁর এই মন্তব্যের জন্য অনেকে তাঁকে একপেশে বললেও তাতে তাঁর কিছু যায় আসে না। কারণ, দর্শক যখন ছবিটি দেখবেন, তখন তাঁরা বুঝতে পারবেন যে বাংলা ইন্ডাস্ট্রি কতটা ভালো, ম্যাচিওরড এবং নিউ এজ একজন পরিচালককে পেয়েছে। শুভশ্রীর এই প্রশংসা শুনেই দেবকে পাশে বসে লজ্জায় মুখ লুকোতে দেখা যায়।
শুধু প্রশংসা করেই থেমে থাকেননি শুভশ্রী। দেবের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা নিয়েও বিস্তারিত কথা বলেন তিনি। অভিনেত্রীর কথায়, দেবকে নতুন পরিচালক হিসেবে সুযোগ দেওয়া হলেও সেই সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটা তিনি খুব ভালোভাবেই জানেন। তাঁর বিশ্বাস, আগামী ১৬ অক্টোবর থেকে দর্শকও দেবের পরিচালনার সেই দক্ষতা বুঝতে পারবেন। শুভশ্রী আরও জানান, ‘দেশু ৭’ কোনও ছোট পরিসরের ছবি নয়। বরং বড় মাপের বাণিজ্যিক ছবি হিসেবে তৈরি হয়েছে এটি। টিজার ও গান প্রকাশের পরই ছবির পরিসর সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গিয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ‘দেশু ৭’ দিয়েই প্রথমবার পরিচালকের আসনে বসেছেন দেব। ফলে অভিনেতা হিসেবে এতদিন যাঁকে দর্শক দেখেছেন, এবার তাঁকেই ক্যামেরার অন্য প্রান্তে দেখতে চলেছেন তাঁরা। ছবির শুটিং শেষ হওয়ার পরেও দেবের পরিচালনা নিয়ে শুভশ্রী প্রকাশ্যে প্রশংসা করেছিলেন। সেই সময়ও অভিনেত্রী জানিয়েছিলেন, পরিচালক দেবের কাজ দেখে তিনি অবাক হয়েছেন। তাঁর ভাবনা কতটা পরিষ্কার এবং কীভাবে তিনি পুরো বিষয়টি সামলেছেন, তা কাছ থেকে দেখে অনুপ্রাণিত হয়েছেন শুভশ্রী।
আরও পড়ুনঃ পুজোর মুখেই হেঁশেলে বড় ধাক্কা! একলাফে ৭০ টাকা বাড়ল গ্যাসের দাম, কলকাতায় নতুন দামে সিলিন্ডার কিনতে কত খরচ হবে?
এবার সেই প্রশংসাই প্রকাশ্যে ফের শোনা গেল ছবির প্রচারের মঞ্চে। দেব-শুভশ্রীর পুরনো জুটি বহু বছর পর বড় পর্দায় ফিরছে। ছবিতে তাঁদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক-সহ একঝাঁক অভিনেতা। প্রেমের গল্পের পাশাপাশি ছবিতে রয়েছে রাজনৈতিক সংঘাত, উত্তেজনা ও প্রতিশোধের আবহ। পুজোয় মুক্তি পেতে চলা এই ছবির প্রচারে ইতিমধ্যেই জোরকদমে নেমেছেন গোটা টিম। আর শ্রীরামপুরের অনুষ্ঠানে শুভশ্রীর মুখে দেবের এমন প্রশংসা নতুন করে নজর কাড়ল।






