আমফানে মানুষের পাশে দাঁড়াননি সুন্দরবন উন্নয়নমন্ত্রী, নাম না করে বিঁধলেন সুব্রত মুখোপাধ্যায়

গত ২০শে মে প্রবল ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সেদিন হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৬৫ কিলোমিটার। তার জেরে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল সাগরদ্বীপের বিস্তীর্ণ এলাকা। কিন্তু সেখানে পরিদর্শনে যাননি সুন্দরবন উন্নয়নমন্ত্রী। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে নাম না করে সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরার তুমুল সমালোচনা করলেন বরিষ্ঠ তৃণমূল নেতা তথা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এর আগে আমফান বিপর্যয়ের কার্যকারিতা নিয়ে কলকাতার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে তীব্র কটাক্ষ করেছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে। এবার ফের তৃণমূলের মন্ত্রিসভার এক সদস্য সেই দলেরই অন্য এক সদস্যের প্রকাশ্যে সমালোচনা করলেন। এই ঘটনায় ইতিমধ্যেই ফিসফাস শুরু হয়েছে দলের অভ্যন্তরেই।

সম্প্রতি দলের মধ্যে জনসংযোগ বাড়াতে তৃণমূল মন্ত্রী ও বিধায়কদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করতে বলেছে দল। সেই কথা মত শুক্রবার সাংবাদিক বৈঠকে সুব্রতবাবু বলেন, ‘সাগরের কাছে থাকা সত্ত্বেও কোনও মন্ত্রী সেখানে যাননি। আমফানের মোকাবিলায় যাওয়া উচিত ছিল এবং মানুষের পাশে দাঁড়ানোটাও দরকার ছিল। তিনি ঠিক করেনি।’

আমফানের মোকাবিলায় সাগরদীপে বিরোধী দলগুলির দেখা পাওয়া গেলেও সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর দেখা মেলেনি বলে অভিযোগ ওঠে। এদিন সুব্রতবাবু কড়া ভাবে জানান , ‘এসব ছোট ছোট ভুল আমাদের নিজেদেরই সংশোধন করে নিতে হবে।’ সঙ্গে সাগরের বিধায়ক ওই পরিস্থিতিতে ভাল কাজ করেছেন বলে তিনি মন্তব্য করেন। তবে সুব্রত বাবুর বক্তব্যে কোনো পাল্টা মন্তব্য করেননি মন্টুরাম।

আরও অন্যান্য খবর