স্কুল কলেজ খোলা নিয়ে আলোচনা জারি, কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান জানাল কেন্দ্রমন্ত্রক

করোনা রোধে গত মার্চ থেকে দেশে লকডাউন জারি রয়েছে। যার জেরে বন্ধ রয়েছে সমস্ত, স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু এইভাবে আর কতদিন চলবে। কবে আবার খুলবে স্কুল কলেজ? রবিবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানান, আগস্টের মাঝামাঝিতে পুনরায় খুলতে পারে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। সম্ভবত ১৫ অগস্টের পর থেকেই আবার স্বাভাবিক পড়াশুনা হবে।

তিনি সাক্ষাৎকারে আরও জানান, “ লকডাউনের আগে ও এখন যেসব পরীক্ষা নেওয়া হচ্ছে, তার ফলাফল আমরা আগামী ১৫ অগস্টের মধ্যেই প্রকাশ করার চেষ্টা করছি।”

অন্যদিকে, হরিয়ানা সরকার জানিয়েছে, পরের মাসেই ধীরে ধীরে বিভিন্ন স্কুল খোলার চিন্তাভাবনা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী কানওয়ার পল জানিয়েছেন, রাজ্য সরকার স্কুল খোলার ব্যাপারে স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকা-অভিভাবক ও বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে। তিনি আরও বলেন, ‘জুলাইতে দশম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। তারপর ধাপে ধাপে নিচু ক্লাস অর্থাৎ ষষ্ঠ থেকে নবমের ক্লাস শুরু হবে। তারপর প্রাথমিক স্তরের ক্লাস শুরু হবে। অগস্টে খুলবে কলেজ-ইউনিভার্সিটিও।’

গত মাসে কিছু সংবাদমাধ্যম জানায়, জুলাইতেই খুলে যাচ্ছে স্কুল-কলেজ।পাশাপাশি এটাও বলা হয়, গ্রিন ও অরেঞ্জ জোনে শিক্ষাপ্রতিষ্ঠান আগে খুলবে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রক জানায়, এই ব্যাপারে এখনও আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। মন্ত্রক তরফে ট্যুইট করেও এই কথাই নিশ্চিত করা হয়।

আরও অন্যান্য খবর