এই মুহুর্তের অন্যতম বড় খবর, ২৬/১১ মুম্বাই সন্ত্রাস কান্ডের অন্যতম কুচক্রী পাক বংশোদ্ভূত তাহাউর রানাকে আমেরিকাতে আটক করা হয়েছে। তাকে ভারতে প্রত্যর্পণ করার জন্য অনুরোধ জানিয়েছে ভারত সরকার। তিনি ব্যবসায়ী হিসাবে পরিচিত হলেও তার আসল পরিচয় ছিল একজন সন্ত্রাসবাদীর। ২০০৮ সালের ২৬শে নভেম্বর মুম্বাইয়ে যে সন্ত্রাসবাদী হামলা হয় তাতে ১৬৬ জন মারা যান। এই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার অন্যতম কুচক্রী ছিল এই তাহাউর।
তাহাউর রানা (৫৯) কে সম্প্রতি আমেরিকায় জেল থেকে ছাড়া হয় কারণ তিনি জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু গত ১০ই জুন তাকে আবার গ্রেফতার করা হয় লস অ্যাঞ্জেলস থেকে কারণ ভারত তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে।
আমেরিকার সহকারি অ্যাটর্নি জন যে লুলেজিয়ান আদালতে জানান যে ভারতীয় সরকার বাইলেটারাল এক্সট্রাডিশন ট্রিটি (১৯৯৭) অনুসারে তাহাউরকে গ্রেফতার করার জন্য আমেরিকাকে অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধ মেনেই তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে আমেরিকার তরফ থেকে।
অ্যাটর্নি আরো জানিয়েছেন যে আমেরিকাকে ভারত জানিয়েছিল এই তাহাউর ভারতে বিভিন্ন রকম সন্ত্রাসবাদীর কাজের সঙ্গে যুক্ত ছিল যার মধ্যে মানুষকে হত্যা করার ষড়যন্ত্র অন্যতম।
তাহাউরের আইনজীবীকে আগামী ২২ শে জুনের মধ্যে আবেদন জমা করতে বলা হয়েছে এবং আগামী ২৬ শে জুনের মধ্যে এই বিষয়ে আমেরিকা সরকারের রেসপন্স জানা যাবে।
২০০৬ থেকে ২০০৮ সালের নভেম্বর মাসের মধ্যে তাহাউর তার ছোটবেলার বন্ধু ডেভিড কোলম্যান হেডলি এবং পাকিস্তানের অন্যান্য সন্ত্রাসবাদীদের সঙ্গে লস্কর ই তইবা এবং হারাকাত উল জিহাদ ইসলামি নামে দুটি নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সঙ্গে মিলে মুম্বাই হানার ছক কষে। ২০০৯ সালের অক্টোবর মাসে তাহাউরকে প্রথমবারের জন্য শিকাগোতে গ্রেফতার করা হয়। তাকে ডেনমার্কে ও লস্কর-ই-তইবা কে সন্ত্রাসের জন্য সামরিক অস্ত্রশস্ত্র সরবরাহের জন্য দোষী সাব্যস্ত করলেও প্রথমে ভারতে সন্ত্রাসের সঙ্গে যুক্ত মামলায় তাকে নির্দোষ ঘোষণা করে।





