করোনা সংক্রমন রুখতে নতুন পদ্ধতিতে রিচার্জ হবে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই সেই সুবিধা আওতাভুক্ত হয়েছেন নগরবাসী। করোনা আবহে টোকেন ব্যবস্থা কমিয়ে আনতে চাইছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তাই গুরুত্ব স্মার্ট কার্ডেই।
মেট্রো পরিষেবাকে আরও সহজতর করতে ঘরে বসেই মেট্রোর স্মার্ট কার্ড রিচার্জ করার পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। যদিও এই পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার কথা ছিল ২০২১ সালে। এই সুবিধাটি পেতে হলে আপনাকে কলকাতা মেট্রো রেলের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হল-এমটিপ ডট ইন্ডিয়ানরেলওয়েস ডট গভ ইন। এটা টাইপ করে এই ঠিকানায় যেতে হবে এবং সেখানে গিয়ে অনলাইন রিচার্জ অপশনে ক্লিক করতে হবে। সেখানে দিতে হবে স্মার্ট কার্ড নম্বর। জানাতে হবে ই-মেল আইডি বা মোবাইল নম্বর। আর সেখানেই আসবে ক্যাপচা। সেটা দেওয়ার পরে যাত্রীকে জানাতে হবে, তিনি কত টাকার রিচার্জ করাতে চান ।
অপরদিকে, নেট ব্যাঙ্কিং, ডেবিট ও ক্রেডিট কার্ড মারফত সেই টাকা মেটানো যাবে। এরপর স্টেশনে গিয়ে কার্ড ছোঁয়ালেই ব্যালেন্স ভরা সম্পূর্ণ হয়ে যাবে। করোনা পরিস্থিতিতে টোকেনের ব্যবহার কমাতে চাইছে কলকাতা মেট্রো রেল। করোনা আবহে স্পর্শ এড়াতেই স্মার্ট কার্ডের ব্যবহার বাড়াতে চাইছে কর্তৃপক্ষ। এই নতুন ব্যবস্থা চালু হয়ে স্মার্ট কার্ড ব্যবহারের সংখ্যা অনেক বাড়বে মনে করা হচ্ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনে থাকছে স্মার্ট কার্ড রির্চাজের স্বয়ংক্রিয় যন্ত্র। কলকাতা পুরনো মেট্রোর বড় স্টেশন গুলিতেও এই ব্যবস্থা থাকছে।






