থামছেই না মরু রাজনীতির নাটক! পাইলট-গেহলট ঝামেলার মধ্যেই এবার সার দুর্নীতির অভিযোগে রাজস্থানের মুখ্যমন্ত্রীর দাদার বাড়ি ও অফিসে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
আজ অর্থাৎ বুধবার সকালে ইডি দেশজুড়ে এই অভিযান শুরু করে। এরমধ্যে রাজস্থানের মুখ্যমন্ত্রীর দাদা অগ্রসেন গেহলটের বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়।
২০১৭-তে সার দুর্নীতির অভিযোগে অশোকের দাদার নামও টেনে এনেছিল বিজেপি। ২০০৭-২০০৯ -এর মধ্যে কেন্দ্রে ইউপিএ সরকার ক্ষমতায় আসীন থাকার সময় গেহলটের দাদার বিরুদ্ধে ভর্তুকিপ্রাপ্ত সার রফতানির অভিযোগও তোলে বিজেপি। তাঁদের অভিযোগ ছিল, কৃষকদের জন্য বরাদ্দ ভর্তুকিযুক্ত দামের সার বিদেশে রফতানি করা হয়েছিল।
শুল্ক বিভাগ এই অভিযোগে একটি মামলা দায়ের করেছিল। কাস্টমসের চার্জশিটের ভিত্তিতে ইডি আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিল তিনটি সংস্থা ও তাঁদের মালিকদের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ছিলেন অশোক গেহলটের দাদাও। পরে তাঁকে ৬০ কোটি টাকা জরিমানা দিতে বলা হয়েছিল।
তবে মুখ্যমন্ত্রীর আত্মীয় ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই, ইডি ও আয়কর বিভাগের তৎপরতা প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, রাজস্থানে তাঁর সরকার ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি।





