এখন রাজনীতিতে দল বদল করা অনেকটা জামা বদল করার মতো। তাই সুযোগ বুঝে রং বদল করাটাই এখন বুদ্ধিমানের কাজ বলে মনে করেন সবাই। এমনকি যখন যে দলের ভবিষ্যৎ উজ্জ্বল তখন সেই দলে যোগ দেওয়াতেই এখন নেতারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এর আগেও তৃণমূল যখন শাসকের গদিতে বসেছিল তখন একাধিক মানুষ বিভিন্ন দল থেকে এসে এই দলে যুক্ত হন। আবার ২০১৯ এর লোকসভা ভোটের পর যখন বিজেপির ভবিষ্যৎ উজ্জ্বল হতে দেখা গেল তখনও বহু মানুষ রং বদলে বিজেপিতে গিয়ে নাম লেখাতে শুরু করেন। পুনরায় এই ঘটনা দেখা গেল বিষ্ণুপুরে।

সম্প্রতি স্বাধীনতার দিনই টালিগঞ্জের একাধিক কলাকুশলী বিজেপিতে এসে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে যে বাকিরাও আসবেন সেই সম্ভাবনার কথাও জানা গেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার বিষ্ণুপুরে সহস্রাধিক মানুষ বিজেপিতে যোগদান করলেন। এক অনুষ্ঠানের আয়োজন করে নতুন কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেওয়া হল। এর ফলে বিষ্ণুপুরে বিজেপির সংখ্যা গরিষ্ঠতা ফুলে ফেঁপে উঠেল। তবে আগামী বিধানসভা নির্বাচনে এই দলবদল বিজেপিকে পশ্চিমবঙ্গে কতটা সাফল্য এনে দেয়, সেটাই এখন দেখার বিষয়।






