আইপিএলের ১৩ তম সংস্করণ শুরুর আগেই চিন্তা হয়ে দাঁড়িয়েছে করোনা। চেন্নাই সুপার কিংস শিবিরে করোনা হানা দিয়েছে, অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে যে আইপিএল কি তাহলে অনিশ্চিত? কিন্তুই এরই মধ্যে শনিবার বিসিসিআই ঘোষণা করেছে বেঙ্গালুরু ভিত্তিক এডুটেক সংস্থা আনঅ্যাকাডেমি তিনটি মরসুমের জন্য আইপিএলের অফিসিয়াল পার্টনার হিসাবে যোগ দিয়েছে।
বলা বাহুল্য, ড্রিম ইলেভেন অ্যাসোসিয়েট স্পনসর থেকে টাইটেল স্পনসরে চলে যাওয়ায় আরও একটি স্পনসরের প্রয়োজন ছিল বিসিসিআই-এর। অফিসিয়াল পার্টনারের কথা ঘোষণা করে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছেন, “আইপিএল ভারতে সর্বাধিক দেখা ক্রিকেট লিগ এবং একটি ভারতীয় এডুটেক সংস্থা হিসাবে আমরা বিশ্বাস করি যে আনঅ্যাকাডেমি দর্শকের দেখার আকাঙ্ক্ষার উপর একটি বিশেষ ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২০ থেকে ২০২২ এর অফিসিয়াল অংশীদার হিসাবে আনঅ্যাকাডেমিকে পেয়ে খুশি।”
আনঅ্যাকাডেমি ভিপি- মার্কেটিং কর্ণ শ্রফ বলেছেন, “আমরা আইপিএলের অফিশিয়াল পার্টনার হয়ে উঠতে পেরে আনন্দিত। আনঅ্যাকাডেমি একটি উচ্চ-তাত্পর্যপূর্ণ ব্র্যান্ড, যা উদ্ভাবন এবং ভৌগলিক বাধা ছাড়া শিক্ষা এবং শেখার বাজারকে উন্নতর করেছে। এই অংশীদারিত্বের সাথে আমরা আনঅ্যাকাডেমিকে ভারতের ইন্টারনেট স্পেসের বৃহত্তম ব্র্যান্ড হিসাবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করব। সুযোগের জন্য আমরা বিসিসিআই এবং আইপিএলকে ধন্যবাদ জানাই।”






