কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তী আইসিসির চেয়ারম্যান হওয়ার পদে এগিয়ে রয়েছেন। কিন্তু এবার সেই সব জল্পনার অবসান হয়ে আইসিসির চেয়ারম্যান পদের লড়াইয়ে নেই মহারাজ। শশাঙ্ক মনোহরের কার্য মেয়াদ জুলাইয়ে শেষ হয়েছে। তারপরই সৌরভকে আইসিসির চেয়ারম্যান পদে দেখতে চান বলে দাবি করেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞরাও।
কিন্তু এদিন আইসিসি চেয়ারম্যান পদের জন্য জমা পড়েছে দুটি নাম, যার মধ্যে রয়েছে নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে এবং সিঙ্গাপুরের ইমরান খোয়াজার মনোনয়ন পত্র। আইসিসির অডিট কমিটির স্বতন্ত্র এক চেয়ারম্যানই নির্বাচন সংক্রান্ত পুরো বিষয়টি খতিয়ে দেখবে। আর এই বছরের ডিসেম্বর থেকেই নতুন চেয়ারম্যান কাজ শুরু হয়ে যাবে। তবে সৌরভ আইসিসি প্রেসিডেন্টের পদে গা না ভাসিয়ে বিসিসিআই-এর পদেই থেকে যাবেন। হবে নাই বা কেন? ভারতীয় ক্রিকেটের একনিষ্ঠ পূজারী তিনি, বরাবরই বোর্ড তথা দলের ভালো চেয়ে এসেছেন।
এবারও তেমনটাই হল, আইসিসির দিকে না গিয়ে বিসিসিআইতেই থেকে গেলেন সৌরভ। ক্রিকেট প্রশাসক হিসেবে তার দক্ষতা প্রমাণের আর দরকার পড়ে না। সেই দক্ষতা ক্রিকেট বিশ্ব আগেই দেখে নিয়েছে সিএবি-এর প্রেসিডেন্ট ও বিসিসিআই পদে থাকাকালীন। কিন্তু ক্রিকেট বিশ্বের একাধিক ব্যক্তিত্বরা চাইছেন সৌরভ আসুক আইসিসি-তে। সৌরভের মতো প্রশাসককেই চাই এই মূহুর্তে আইসিসির আসনে। তবে সৌরভ বাছলেন বিসিসিআইকেই।





