গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। যদিও খুব বেশি কিছু করতে পারেননি ব্যাটিংয়ে, কিন্তু গোটা সময়টায় তিনি ফিল্ডিং করেছেন। এছাড়া ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে রোহিত জানিয়েছেন যে তিনি ফিট, এই অবস্থায় বিসিসিআই ও রবি শাস্ত্রীকে তুলোধোনা করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ।
একটি সাক্ষাৎকারে সেহওয়াগ জানিয়েছেন, ““রবি শাস্ত্রী জানেন না রোহিত শর্মার কি অবস্থা, আমার মনে হয় না এটা সম্ভব। যদি উনি নির্বাচকদের কমিটির সদস্য না হোন, নির্বাচকরা নিশ্চই ওনার সাথে দুই-একদিন আগে কথা বলেছেন যে উনি কি ভাবছেন এবং ওনার থেকে যাবতীয় ফিডব্যাকও নিতেন। আমি রবি শাস্ত্রীর মন্তব্যের সাথে সহমত নই যে উনি নির্বাচকদের কমিটির সদস্য নন। যদিও এটি এখনও অফিশিয়াল নয়, কোচ এবং অধিনায়ক নিশ্চই ব্যক্তিগত স্তরে নির্বাচকদের সাথে কথা বলেছেন কারা অস্ট্রেলিয়া সফরে থাকবেন সেই নিয়ে।”
এরপর নির্বাচকদের প্রশ্ন করে সেহওয়াগ বলেছেন, “যদি উনি চোট পান, তাহলে নিশ্চই ওনার বদলি হিসেবে কাউকে ডাকা হত। কিন্তু ওনাকে জাতীয় দলে রাখা হয়নি, এটাই আমি বুঝতে পারছি না। এটা সত্যিই একটি অদ্ভুত বছর। এবার, আপনি কি করবেন? সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে উনি ম্যাচ খেললেন, প্লে অফসের ম্যাচগুলিতেও উনি খেলবেন, উনি বলছেন যে উনি ফিট। তাহলে আপনারা কেন ওনাকে নির্বাচিত করেননি?”





