রিপাবলিক মিডিয়া প্রধান অর্ণব গোস্বামীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত দিল মহারাষ্ট্র আদালত!

গতকাল সাত সকালে নিজ বাস ভবন থেকে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের (republic media network) এডিটর-ইন-চিফ এবং ডিরেক্টর অর্ণব গোস্বামীকে (Arnab Goswami) গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ২০১৮ সালে ইন্টেরিয়ার ডিজাইনার অন্বয় নায়েক (Anvay Nayek) আর তাঁর মা কুমুদ নায়েকের(Kumud Nayek) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অর্ণবকে। অভিযোগ উঠেছে, অর্ণবের থেকে প্রায় ৮৪ লক্ষ টাকা পেতেন অন্বয়, যেটা অর্ণব মেটায়নি। ওই দু’জনের আত্মহত্যার অন্যতম মূল কারণ এটাই ছিল বলে দাবি করা হয়েছে।

আর এবার অর্ণব গোস্বামীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত দিল মহারাষ্ট্রের আদালত। আদালতের কাছে‌ অর্ণবকে চোদ্দ দিনের জন্য পুলিশি হেফাজতে চেয়েছিলেন মুম্বই পুলিশ। কিন্তু তা খারিজ করে বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করে আলিবাগ আদালত। পাশাপাশি অর্ণবকে শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছে, বলে যে অভিযোগ খোদ বিতর্কিত সাংবাদিক নিজে তুলেছিলেন তা‌ও নস্যাৎ করে দেওয়া হয় আদালতের তরফে।

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে একটি ১৩ মিনিটের ভিডিও। তাতে দেখা যায়, অর্ণবকে বারবার সহায়তা করার জন্য অনুরোধ করছে মুম্বই পুলিশ। কিন্তু অর্ণব সেই কথা না শোনায় তাঁকে এগিয়ে নিয়ে যান পুলিশকর্মীরা। পুলিশি হেফাজত না হয়ে বিচারবিভাগীয় হেফাজত হওয়ার ঘটনাকে জয় হিসেবে ধরছেন অর্ণবের আইনজীবী। তাঁর গ্রেফতার হওয়ার ঘটনাকে প্রতিহিংসার রাজনীতি বলে দাগিয়ে দিচ্ছেন তাঁরা।

ইতিমধ্যেই অর্ণব গোস্বামীর সমর্থনে মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একাধিক তাবড় নেতা। সমর্থনে মুখ খোলেন বিতর্কিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত‌ও। এডিটর গিল্ড অফ ইন্ডিয়া এর প্রতিবাদ করলেও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোশিয়েশানের জানিয়েছে এই ঘটনার সঙ্গে সাংবাদিকতার কোনও সম্পর্কই নেই। এটা ব্যক্তিগত মামলা।

আরও অন্যান্য খবর