টলিপাড়ার অভিনেত্রীরা এখন ফোটোশুটেই মাত করছেন নেটপাড়া। শুটিংয়ের কাজ এখনও পুরোপুরি শুরু হয়নি টলিউডে তাই ফটোশুটেই ভক্তদের মনোরঞ্জন করছেন নায়ক থেকে নায়িকা সকলেই।

তাদের সাজগোজে চমকে যাচ্ছেন নেটিজেনরাও। তৃণমূল সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী একদম অন্যরকম। তিনি সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। সেইসঙ্গে বিভিন্ন সামাজিক কাজেও তিনি নিজেকে জড়িয়ে রাখেন। বিভিন্ন অন্যায়ের প্রতিবাদও তিনি করে থাকেন। তাই সাধারণের চোখে তিনি আলাদা জনপ্রিয়তা অর্জন করেছেন। একদিকে সাংসদ, একদিকে অভিনেত্রী, নিজের প্রোডাকশন হাউজ সবমিলিয়ে মিমি সারাদিন ব্যস্ত থাকেন। কিন্তু এর মধ্যেই নিজের ডায়েট কিন্তু ঠিক রেখেছেন অভিনেত্রী।
সংবাদমাধ্যমে এবার মিমি নিজেই জানালেন নিজের ডায়েটের কথা যেখানে রোজ থাকে চিজ থেকে ঘি! তিনি কড়া ডায়েটে বিশ্বাসী নন। বাড়ির ভাত, ডাল, তরকারিই মিমির প্রথম পছন্দ। আর তিনি নিরামিষ খাবার বেশি পছন্দ করেন। চিজ খেতে ভীষণ ভালবাসেন মিমি। তার প্রতিদিনের খাবারে চিজ, ঘি থাকে মিমির মেনুতে। প্রায়শই মিষ্টি খান অভিনেত্রী। আর এইগুলোই হল তার ডায়েটের খাবার।
কিন্তু এগুলো খেয়ে কি তার মত টোনড ফিগার পাওয়া সম্ভব? মিমি জানিয়েছেন, লকডাউনেও নিয়ম করে শরীরচর্চা করেছেন। যোগা, স্ট্রেচিং সমস্ত কিছুই তিনি চালিয়ে গেছেন সমান ভাবে। তাই তার মত টোনড ফিগার পেতে গেলে স্ট্রিক্ট ডায়েটের দরকার নেই। ঘরের খাবার সেইসঙ্গে প্রয়োজনীয় শরীর চর্চা করলেই হবে, জানাচ্ছেন টলিউডের অন্যতম এই জনপ্রিয় অভিনেত্রী।






