ভোটের আর দেরী নেই, শুরু হল ইভিএম পরীক্ষা!

বছর গড়ালেই বিধানসভা নির্বাচন। এখন থেকেই রাজ্যের পরিস্থিতি বেশ গরম। ভোটের বাজারে যে তা আরও বেশি উত্তপ্ত হয়ে উঠবে, এ বিষয়ে কোনও দ্বিমত নেই কারোর। তাই ভোট গ্রহণ পদ্ধতিতে যাতে কোনও ত্রুটি না থাকে, সব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তাই এখন থেকেই পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কলকাতা পুলিশের অধীনস্থ বিধানসভা কেন্দ্রগুলির ভোটযন্ত্র বা ইভিএম পরীক্ষার কাজ।

লালবাজার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কলকাতার মোট ১৮টি বিধানসভার জন্য হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ও ছত্তিশগড় থেকে ইভিএম আনা হয়েছে। এই যন্ত্রগুলি রাখা হয়েছে আলিপুর সার্ভে বিল্ডিং, পাইকপাড়া বাস ডিপো ও আলিপুরের নব প্রশাসনিক ভবনের দশ তলায়। যন্ত্রগুলির পাহারায় রয়েছে কলকাতা পুলিশের ব্যাটেলিয়নের সশস্ত্র জওয়ানরা।

সূত্রের খবর অনুযায়ী, প্রশাসনিক ভবনে রয়েছে বেহালা পূর্ব ও পশ্চিম, যাদবপুর, মেটিয়াব্রুজ, কসবা বিধানসভা কেন্দ্রের ইভিএম। জানা গিয়েছে আপাতত মোট ৪৮০৫টি ইভিএম রয়েছে কলকাতায়। তা পরীক্ষা করার জন্য থাকছেন প্রশাসনের আধিকারিক ও নির্বাচন কমিশনের ইঞ্জিনিয়াররা। এছাড়াও, থাকছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ইভিএম মেশিনে কোনও কারসাজি রয়েছে কী না, তা ভালোভাবে খতিয়ে দেখে নেওয়া হচ্ছে।

আগামী বিধানসভা নির্বাচনে যে বেশ বড় ধামাকা হতে চলেছে, তা এখন থেকেই স্পষ্ট। তাই সবদিক ঠিক ভাবে পরীক্ষা করে নেওয়া হচ্ছে। জানুয়ারি মাসেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

ইভিএমে মোট তিনটি ইউনিট থাকে- কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট ইউনিট, ও ব্যালট ইউনিট। এই তিনটি ইউনিট ঠিকমতো সব ইভিএমে কাজ করছে কী না, বা ইভিএমের আওয়াজ ও সিগন্যাল ঠিক আছে কী না, যন্ত্রের বোতামগুলি ঠিকমতো কাজ করছে কী না, এসবই ভালো করে পরীক্ষা করছেন ইঞ্জিনিয়াররা। পরীক্ষার সময় যন্ত্রে কোনও ত্রুটি দেখা গেলে তা নির্বাচন কমিশনারে জানানো হচ্ছে ও তা মেরামত করে নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, আগামী ১১ই জানুয়ারি থেকে সার্ভে বিল্ডিং-এ শুরু হবে ভবানীপুর, রাসবিহারী, ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ইভিএম পরীক্ষার কাজ। এই পরীক্ষা চলবে ১৬ তারিখ পর্যন্ত। এরপর ১৭ই জানুয়ারি থেকে শুরু হবে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভার ইভিএম পরীক্ষার কাজ। সেই পরীক্ষা পাইকপাড়া বাস ডিপোয় হবে বলে জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর