মেলেনি টিকিট! নির্বাচনের তিন দিন আগে পদত্যাগ বিজেপির হেভিওয়েট নেতার

ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। গতকাল মঙ্গলবার সকালে ১৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ্যে আনে গেরুয়া শিবির। সেখানেই দেখা যায় দশ বছরের বাগদায় জেতা বিদায়ী বিধায়ক দুলাল বরকে প্রার্থী পদ দেয়নি বিজেপি। তাঁর জায়গায় বাগদায় বিশ্বজিৎ দাশকে প্রার্থী করেছে বিজেপির‌ কেন্দ্রীয় নেতৃত্ব। হাতের তালুর মতো জায়গা চেনা দুলাল বরকে কেন‌ও প্রার্থী করা হল না তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়ে গেছে।

এই ঘটনার পিছনে কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন, শান্তনু ঠাকুরের ইচ্ছাতেই কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রে মতুয়া ভোটও ফ্যাক্টর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন-ক্ষমতায় এলে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন অমিত শাহ

আর এবার নিজের রাজনৈতিক জীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দুলাল বর। ভোটের মুখে পদত্যাগ করলেন এসসি- এসটির রাজ্য সভাপতি। এদিন অর্থাৎ বুধবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর দুলাল বাবু বলেন, ‘আমাকে টিকিট দেওয়া হয়নি এটা বড় ব্যাপার নয়, কিন্তু এসসি-এসটি মোর্চার কাউকেই বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়া হয়নি। এটা আমার মতে অন্যায় করেছে দল। পদত্যাগ করে আমি এই ঘটনার‌ই প্রতিবাদ জানালাম।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৬-এ বাগদায় তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জিতেছিলেন মুকুল রায়ের একান্ত অনুগামী হিসেবে পরিচিত দুলাল। ২০১১-য় তাঁর পরিবর্তে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসকে প্রার্থী করে তৃণমূল। উপেন সে বার জিতলেও ২০১৬-য় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী দুলাল তাঁকে হারান। মুকুল না থাকলেও ২০১৯-এ ফের তৃণমূলে ফেরেন দুলাল। এর পর মুকুলের হাত ধরেই বিজেপি-তে যান দুলাল। বিজেপি তাঁকে দলের রাজ্য এসসি-এসটি সেলের সভাপতি করে।

আরও পড়ুন-সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি বিজেপির, কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী, ওবিসিদের জন্য ঢালাও সংকল্প গেরুয়া শিবিরের

স্থানীয় রাজনৈতিক মহল বলছে বার বার দল বদলানো দুলালের বিরুদ্ধে প্রচারে সামিল হয়েছিলেন স্থানীয় কর্মীরাই। ফেসবুকে নানা পোস্টের পাশাপাশি লাইভ করেও প্রচার চলছে দুলালের বিরুদ্ধে। যদিও বাগদার বিদায়ী বিধায়ক দুলাল তাতে আমল দিতে চাননি। 

আরও অন্যান্য খবর