কলকাতা বা কলকাতার আশেপাশের মানুষের জন্য সপ্তাহান্তে কোথাও টুক করে একটা ছোট্ট ট্রিপ করার উপযুক্ত জায়গা হল দিঘা। সমুদ্র সৈকত ও ঝাউবনের মাঝে নিজেকে মেলে ধরতে কে না চায়। কিন্তু গত বছর করোনার কারণে দীর্ঘদিন ভাঁটা পড়ে দিঘার পর্যটন শিল্পে।
তবে আনলক হওয়ার সঙ্গে সঙ্গেই ফের চেনা রূপ ফিরে পায় সমুদ্র সৈকত। দূরে কোথাও ঘুরতে যাওয়া বারণ, তাই চট করে কম খরচের মধ্যে দিঘায় ঘুরে আসেননি, এমন বাঙালি কমই আছে। কিন্তু ফের বিপাকে দিঘার পর্যটন শিল্প। ভোটের জেরে বন্ধই থাকছে দিঘা।
আরও পড়ুন- ‘নন্দীগ্রামে জিতিয়ে দিতে হবে’, বিজেপি নেতাকে ফোনে আবদার মমতার!
আজ থেকেই শুরু হয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রথম দুই দফাতেই ভোট রয়েছে কাঁথি ও নন্দীগ্রামে। এর জেরে মার্চের শেষ সপ্তাহ পর্যটকবিহীন হয়েই থেকে গেল দিঘার সমুদ্র সৈকত। মেদিনীপুরে ভোট হওয়ার কারণে বন্ধ রয়েছে দিঘার নানান হোটেল ও লজ। কর্মীরাও নিজ নিজ জায়গায় ভোট দিতে যাওয়ার কারণে ছুটিতে রয়েছেন। এই কারণে ভোটের বাজারে পর্যটকদের স্বাগত জানাতে পারল না দিঘা। তবে এই বন্ধের কথা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল।
এও শোনা যাচ্ছে যে আগামী পয়লা এপ্রিলও বন্ধ থাকতে পারে দিঘা। তবে এ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এর জেরে ফের কোপ বসতে পারে দিঘার পর্যটন শিল্পে। দীর্ঘ এই একমাস ধরে চলতে থাকা ভোট পর্বের ফলে যে দিঘাতে পর্যটকের সংখ্যা কমই থাকবে, তা বলাই বাহুল্য। এর জেরে দিঘার হোটেলের মালিকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।





