কাল তৃতীয় দফা নির্বাচনে বাংলায়। এই পরিস্থিতিতে শাসক-বিরোধী দলের মধ্যে চলছে জোর বাক্-যুদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন যেন মূলের বিতর্কিত নেতা তথা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনেকদিন পর ফের স্বমহিমায় ফিরলেন তিনি।
আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৯০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ
সোমবার পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের সমর্থনে সভা হয় মেমারির আমাদপুর বালিকা বিদ্যালয়ের মাঠে। সেখানেই অনেকদিন পরে কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন।
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত এদিন মেমারির সভা থেকে ভারতের প্রধানমন্ত্রীর দাড়িকে কটাক্ষ করে বলেন, ‘নরেন্দ্র মোদীর দাড়ি যত বাড়ছে, রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দামও তত বাড়ছে।’ বলেন, নরেন্দ্র মোদীর রাম-রাজত্বে তেলের দাম ১০০ টাকা!
এদিন অনুব্রত সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মিথ্যাবাদী’ ও ‘বেইমান প্রধানমন্ত্রী’ বলেও উল্লেখ করেন। বলেন, বাংলার মানুষ তাঁকে মানবে না। (তাঁর) মিথ্যা কথা শুনবে না। ২০১৪ সালে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কিছুই রাখেননি। মোদীকে সরাসরি বলেন ‘গ্যাস কত দাম? এখন তোমার বুক ফাটছে না?’ আমফানের টাকার প্রসঙ্গও তোলেন। বলেন ‘বাংলা থেকে বছরে ৭৫ হাজার কোটি টাকা নিয়ে যাও তোমরা!’
নিজের বক্তব্যের মধ্যেই অনুব্রত মোদী-মমতার তুলনাও টানেন। বলেন মোদী আট বছরে কী করলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছরে কী করলেন, এই হিসাবটা করবেন না? দশ বছরে বাংলাটাকে সাজিয়ে দিয়েছেন মমতা। মোদীকে সরাসরি সম্বোধন করে বলেন, ‘তুমি তো মিড ডে মিল বন্ধ করে দিয়েছ। আর মমতা মিড ডে মিলে চাল, ডাল, আলু, চিনি, তেল, ছোলা দিয়েছেন। … মোদী তুমি কোনও কাজ করোনি। সবুজসাথী, কন্যাশ্রী সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের করা।’
লাগাতার আক্রমণের মধ্যে এরপরই অনুব্রত নির্বাচনী প্রচারে বারবার তুলে ধরা বিজেপি’র ‘সোনার বাংলা’ প্রসঙ্গকে তুলে আনেন। কটাক্ষ করে বলেন, ‘সোনার বাংলা’ করব! ওড়িশায় কী হাল? ত্রিপুরায় কী হাল? শিক্ষকদের চাকরি খেয়ে নিলে। আসাম কার? ‘সোনার আসাম’, ‘সোনার গুজরাট’ হল কই?






