আগামীকাল রাজ্যে চতুর্থ দফার ভোট। এই কারণে ভোট প্রচারে কোনও খামতি রাখছে না কোনও রাজনৈতিক দলই। নিজেদের মতো করে প্রচার চালাচ্ছে সকলেই। আজ ভোট প্রচারে কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার অন্যদিকে, বরানগর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে বেরিয়েছেন মিঠুন চক্রবর্তী, সঙ্গে এই বিধানসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী পার্ণো মিত্র।
আজ, শুক্রবার মিঠুন চক্রবর্তীকে পাশে নিয়ে প্রচারে বের হলেন পার্ণো। রোড শো করলেন সিঁথির মোড় থেকে ডানলপ পর্যন্ত। এর আগে একাধিকবার বরানগর বিধানসভা কেন্দ্রের নানান এলাকায় ভোট প্রচার করেছেন পার্ণো। তবে এদিনের তাঁর রোড শো-য়ে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন- কলকাতা হবে দেশের আর্থিক রাজধানী, ঘোষণা করলেন অমিত শাহ
এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী তাপস রায়। শক্তিশালী এই প্রতিপক্ষকে হারাতে কোনও কসুর করছেন না বিজেপি তারকা প্রার্থী। এদিন পার্ণোর সঙ্গে মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে বেশ উচ্ছ্বসিত হন বরানগরবাসী। পার্ণো মিত্র ও মহাগুরু ছাড়াও এদিন ছিলেন বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকরা। এদিন সিঁথির মোড় থেকে ডানলপ এলাকায় প্রচার করেন তারা।
আরও পড়ুন- ৩ বছরে বিজেপির ৩ গুন ভোট বৃদ্ধি ৪৪ আসনে, ক্ষমতা কায়েম রাখতে আগামীকাল ময়দানে গেরুয়া শিবির
২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর গেরুয়া শিবিরে যোগ দেন অভিনেত্রী পার্ণো মিত্র। এদিনও তাঁকে নিজের চেনা মেজাজেই দেখা গেল। এদিন তাঁর পরনে ছিল সাদা কুর্তি, গলায় গেরুয়া ওড়না। করজোড়ে সকলের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যায় তারকা প্রার্থীকে। আগামী ১৭ই এপ্রিল ভোট রয়েছে এই কেন্দ্রে।






