আগামীকাল রাজ্যের ৫ জেলার ৪৪টি কেন্দ্রে ভোট। নির্বাচনী পরিসংখ্যান বলছে, এই ৪৪টি কেন্দ্রে ২০১৬-২০১৯ সালের মধ্যে বিজেপির প্রভূত উন্নতি লক্ষ্য করা গিয়েছে। এই ৩ বছরে এই কেন্দ্রগুলিতে বিজেপির ভোট বেড়েছে লক্ষ্য করার মতো। আগামীকাল কোচবিহার জেলার ৯টি ও আলিপুরদুয়ার জেলার ৫টি বিধানসভা আসনের সবকটিতেই রয়েছে ভোট। এদিকে, দক্ষিণ ২৪ পরগণার ৩১টির মধ্যে ১১টি, হাওড়া জেলার ১৬টির মধ্যে ৯টি ও হুগলীর ১৮টির মধ্যে ১০টি আসনে ভোট রয়েছে আগামীকাল।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই ৪৪টি আসনের মধ্যে ৩৯টিতেই জিতেছিল তৃণমূল। মাত্র ১টি আসন পায় বিজেপি। বামেরা পায় ৩টি আসন ও কংগ্রেস বাকী ১টি আসন। তবে ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের হিসেবে বিজেপি এই সমস্ত কেন্দ্রে প্রভূত ভালো ফল করে। এই হিসেবে তৃণমূল পায় ২৫টি ও বিজেপি পায় ১৯টি আসন। বাম ও কংগ্রেসের ঝুলিতে জোটে শূন্য। এই ৪৪টি কেন্দ্রেই ভোট রয়েছে আগামীকাল।
আরও পড়ুন- রুদ্রনীলের উপর হামলা, ব্যানার ছেঁড়ার অভিযোগ, বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র চেতলা
চতুর্থ দফাতে প্রথম ভোট হচ্ছে উত্তরবঙ্গে। ২০১৬ সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলায় ৯টি আসনের মধ্যে ৮টি আসনেই জিতেছিল তৃণমূল। কোচবিহার উত্তরের আসনটি পেয়েছিল ফরওয়ার্ড ব্লক। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল হিসেবে, বিজেপি সেখানে ৭ এবং তৃণমূল মাত্র ২টি কেন্দ্রে এগিয়ে। উত্তরবঙ্গের আর এক জেলা আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা আসনের মধ্যে ২০১৬ সালে তৃণমূল জিতেছিল ৪টিতে। মাদারিহাট গিয়েছিল বিজেপর দখলে। কিন্তু তিন বছর পরে লোকসভা ভোটে সব ক’টি আসনেই এগিয়ে যায় বিজেপি।
তৃণমূলের ঘাঁটি হিসাবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনায় অবশ্য তিন বছরের মধ্যে পরিবর্তন দেখা যায়নি। চতুর্থ দফায় ভোট হতে যাওয়া ১১টি আসনের মধ্যে ১০টিতে ২০১৬-তে জিতেছিল তৃণমূল। কলকাতা পুর এলাকার অন্তর্গত টালিগঞ্জ, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিমের পাশাপাশি ভাঙড় এবং বজবজ বিধানসভার মতো গ্রামীণ আর আধাশহরও ছিল এই তালিকায়। একমাত্র যাদবপুর কেন্দ্রটি ছিল সিপিএমের দখলে। ২০১৯-এর লোকসভা ভোটে সব ক’টি আসনেই তৃণমূল এগিয়ে রয়েছে।
গঙ্গার ওপারেও পরিবর্তনের ঢেউয়ের তেমন আঁচ মেলেনি লোকসভা ভোটে। শনিবার হাওড়া জেলার যে ৯টি বিধানসভা আসনে ভোট হবে, ২০১৬ সালে তার সব ক’টিতেই তৃণমূল জিতেছিল। এর মধ্যে হাওড়া পুরসভার অন্তর্গত আসনগুলির পাশাপাশি উলুবেড়িয়া পূর্ব, ডোমজুড়ের মতো আধাশহুরে এবং সাঁকরাইল ও পাঁচলার মতো গ্রামীণ আসনও রয়েছে। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল বলছে, এই ৯টি কেন্দ্রের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ৮টিতে। একমাত্র হাওড়া উত্তরে এগিয়ে বিজেপি।
পাশের জেলা হুগলিতে অবশ্য ২০১৬ থেকে ২০১৯-এর মধ্যে লক্ষণীয় ভাবে সমর্থন বাড়াতে সক্ষম হয়েছিল বিজেপি। চতুর্থ দফায় এই জেলার চুঁচুড়া এবং চন্দননগর মহকুমার যে ১০টি আসনে ভোট হবে, ২০১৬ সালে তার মধ্যে ৮টিতে তৃণমূল জিতেছিল। চাঁপদানিতে কংগ্রেস এবং পান্ডুয়ায় সিপিএম জেতে। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল জানাচ্ছে, ৬টি কেন্দ্রে এগিয়ে গিয়েছে বিজেপি। শ্রীরামপুর, সিঙ্গুর, চুঁচুড়া, বলাগড়, সপ্তগ্রামের পাশাপাশি সিপিএমের জেতা পান্ডুয়াও রয়েছে এই তালিকায়। তৃণমূল এগিয়ে ৪টি আসনে, উত্তরপাড়া, চন্দননগর, চণ্ডীতলা ও চাঁপদানিতে।





