আজ বঙ্গ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার নির্বাচন। পঞ্চম দফা মিটে গেলেও হিংসার শেষ নেই। এবার নির্বাচনের দিন সকালে খড়দায় বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ। বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।
বিজেপির এজেন্টকে রড-বাঁশ দিয়ে মারধরের উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত’র অভিযোগ, ক্যুইক রেসপন্স টিম নিষ্ক্রিয় থাকায় অশান্তি ছড়াচ্ছে। এই ঘটনায় তৃণমূলের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
উল্লেখ্য, খড়দা বিধানসভা এলাকায় ভোট শুরুর আগে রুইয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ১৪৩, ১৪৪ ও ১৪৫ নং বুথে তাঁদের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। তাঁদেরকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদের কোনও সাহায্য করা হয়নি। এরপর পুলিশের সহযোগিতায় বিজেপির এজেন্ট বুথে ঢুকতে পারেন। তৃণমূলের পক্ষ থেকে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আরও পড়ুন-WB Election 2021: সকাল সকাল ভোট যুদ্ধে সামিল মুকুল রায়, কাঁচরাপাড়ায় ভোট দিলেন বিজেপি প্রার্থী
তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে ‘বাধা’ দেওয়ার অভিযোগ উঠেছে৷ আইএসএফ সমর্থকদেরও ভোটদানে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ পাল্টা তৃণমূলের দাবি, অশান্তিতে প্ররোচনা দিচ্ছে আইএসএফ ৷
আজ, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর, এই ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ চলছে।





