গত বৃহস্পতিবারই ভোট মিটেছে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে। এদিন সারাদিন একটার পর একটা বুথ পরিদর্শন করেছেন তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তী। তিনিই জিতছেন সেই কেন্দ্রে, একাবারে একশো ভাগ আত্মবিশ্বাসী তিনি।
ভোটের কাজের জন্য এতদিন ব্যারাকপুরেই থাকছিলেন রাজ। ভোটপর্ব মিটতে ফিরলেন বাড়িতে। বাড়িতে ইউভান একা। শুভশ্রী করোনা আক্রান্ত। ফলে গত কয়েকদিন ঠাকুমা ও ন্যানির কাছে ছিল ইউভান। এবার অবশেষে বাবাকে পেল সে।
আরও পড়ুন- মিষ্টিপ্রিয় বাঙালির প্রথম পছন্দ ‘মিঠাই’, বাকী কোন ধারাবাহিক টিআরপি তালিকায় কোন স্থান পেল, দেখে নিন
বাবাকে পেয়ে বেজায় খুশি ইউভান। ছোট্ট ইউভানকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছিল খুব। তাই সারাটা দিন ইউভানকে সঙ্গে নিয়ে থাকলেন। ইউভানকে দুটি ঝুঁটি বেঁধে কোলে তুলে নিলেন রাজ। সেলফি তুলেছেন বাবা–ছেলে। শুভশ্রী দুজনকেই মিস করছেন, এই ছবিও তাঁকে নিশ্চয়ই পাঠিয়েছেন রাজ। অনেকদিন পর নিজের বাড়িতে সন্ধে কাটাচ্ছেন রাজ। ছবি পোস্ট করে লিখলেন ‘গুড আফটারনুন’। দুপুরে নিজের একটা সেলফি পোস্ট করে লিখেছিলেন ‘রিল্যাক্সড’। ভোট পর্ব মেটার পর আপাতত স্বস্তিতে পরিচালক।
View this post on Instagram
এদিন রাজ ইউভানের সঙ্গে আরও একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা গেল ইউভানকে বাবার অত্যাচারে জর্জরিত হতে। ব্যাপারটা আসলে কিছুই নয়। এতদিন ছেলের কাছে ছিলেন না রাজ। তাই এখন একেবারেই ছেলেকে কাছছাড়া করতে রাজি নন তিনি। এতদিন পর ছেলেকে কাছে পেয়ে, তাকে যতটা খুশি প্রাণভরে আদর করে নিচ্ছেন বাবা। ভিডিওতে দেখা গেল, ইউভানকে সমানে চটকে, তার সারা শরীরে চুমু খেয়ে আদর করে যাচ্ছেন তিনি। রাজকে এও বলতে শোনা গেল যে অনেকদিন পর পেয়েছি, আর ছাড়ব না। আর ছোট্ট ইউভানও কিন্তু বাবাকে সরানোর একেবারেই চেষ্টা করল না। সেও শুয়ে শুয়ে দিব্যি বাবার আদর খাচ্ছে। বাবা-ছেলের এই ভিডিও বেশ মনে ধরেছে সকলের।
প্রসঙ্গত, ব্যারাকপুরে ভোটের পর অন্যদের জন্য ভোট প্রচারে যাওয়ার কথা ছিল রাজের। কিন্তু কমিশন সব প্রচার বন্ধ করে দেওয়ায় এখন পুরো সময়টাই বাড়িতে কাটছে রাজের। ইউভানের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।






