শেষ বেলাতেই জেগে উঠেছে বর্ষা। সেপ্টেম্বর মাস থেকে সাধারণ বর্ষা বিদায় শুরু হলেও আবহাওয়া দফতর সূত্রে খবর যে রাজস্থান থেকে এবারে বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হতে হতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে যাবে। কাজেই তার আগে পূজোর সময়েই বর্ষা নতুন বেগ পাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আর সেই বর্ষার তেজকে আরও বাড়িতে দিতে উৎপন্ন হতে চলেছে দুই দুটি নিন্মচাপ। এমনই দুঃসংবাদ আজ পাওয়া গেল আবহাওয়া দফতরের তরফে।
এই সপ্তাহের শুরু থেকে চোখ রাঙাচ্ছে বর্ষার মেঘ, সঙ্গে নিন্মচাপ। টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েই চলেছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণের প্রতিটি জেলাতেই। ফলস্বরূপ থিতিয়ে পরেছে পূজোর শেষ মুহূর্তের বাজার। মৃৎ শিল্পী এবং প্যান্ডের তৈরীর কারিগররাও নাজেহাল হয়ে পরছেন বর্ষার চোটে। এমতাবস্থায় আরও নতুন করে আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর যে, কাল মহলয়ার দিনই নতুন করে এক নিন্মচাপের সৃষ্টি হতে চলেছে যার ফলে এক মৌসুমী অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হবে৷ যার জেরে আগামী ২-৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। শুধু এই একটি নিন্মচাপই নয়, এরসঙ্গে সঙ্গী হয়ে জুটেছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলা আরেকটি নিন্মচাপ। যার জেরে আগামী সপ্তাহের শুরুতে টানা বৃষ্টিপাত চলতে পারে।
এই দুই নিন্মচাপের দরুণ পশ্চিমবঙ্গে আরও জলীয়বাষ্প প্রবেশের পথ সুগম হলো বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যার ফলে বৃষ্টিপাত পূজো অবধিও গড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফে৷ আবহাওয়াবিদদের কথায় পূজোর চারদিন বৃষ্টি যে হবেনা তা বলা যায় না। তবে ভাগ্যবশত যদি নিন্মচাপ দুটি শক্তি হারায় এবং নতুন আর নিন্মচাপ সৃষ্টি না হয় তবে বৃষ্টির পরিমাণ তুলনায় কমতে পারে। তবে বর্ষা যেতে এখনো দেরী আছে বলে পূজোর চারদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে৷ কাজেই বলা যায় যে, এবারের পূজো আর পূজোর জামা পরে নয় বরং রেইন কোট পরেই দেখতে হতে পারে বলে সন্দেহ করছেন আবহাওয়াবিদরা৷






