‘এর আগে এত শান্তিপূর্ণ ভোট কোনওদিন দেখিনি’ সকাল সকাল ভোট দিলেন মিঠুন চক্রবর্তী

আজ বাংলায় অষ্টম অর্থাৎ শেষ দফার ভোট। এদিন ৫ জেলার মোট ৩৫টি আসনে রয়েছে ভোটগ্রহণ। শেষ দফায় ভোট রয়েছে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে। এই কেন্দ্রের ২৪৭ নম্বর বুথে ভোট দিলেন বিজেপি তারকা নেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি, কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের এক ঠিকানায় তাঁর বোনের বাড়িতেই থাকছেন তিনি। এই কারণে এই ঠিকানায় নিজের ভোটার কার্ড তৈরি করেছেন মহাগুরু।

এদিন সকালে ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, “সমস্ত নিরাপত্তাকর্মীকে অভিনন্দন জানাই। এর আগে আমি এত শান্তিপূর্ণ ভোট আগে কোনদিন দেখিনি”।

আরও পড়ুন- বলিউডের মানবিক মুখ, ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন অক্ষয়-টুইঙ্কেল জুটি!

আজ ভোটপর্বের শেষ দিন। এই কারণে নিরাপত্তা আরও বেশি জোরালো করা হয়েছে এদিনের জন্য। এর আগের সাত দফায় নানান এলাকা থেকে নানান অশান্তির খবর উঠে এসেছে। এত নিরাপত্তা সত্ত্বেও শেষরক্ষা হল না। শেষ দফাতেও ছড়াল অশান্তি। এই খবর এল খাস কলকাতা থেকেই। জানা গিয়েছে, জোড়াসাঁকো বিধানসভা এলাকায় বোমাবাজির কারণে উত্তপ্ত হয়েছে গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আজ, বৃহস্পতিবার সকালে জোড়াসাঁকো বিধানসভা এলাকায় ভোটগ্রহণ পর্ব চলার সময় সকাল সাড়ে ৭ টা নাগাদ একটি চলন্ত হলুদ ট্যাক্সির ভেতর থেকে দুটো বোমা ছোঁড়া হয়। এরপরই ওই এলাকায় বিস্ফোরণ ঘটে। ওই এলাকায় দুটি পোলিং বুথে ভোটারদের লম্বা লাইনও পড়েছিল। কিন্তু এই ঘটনায় আতঙ্কিত ভোটাররা যে যার বাড়ি চলে যান। তবে এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।

আরও অন্যান্য খবর