করোনায় মৃতদের পরিবারগুলিকে মাথাপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এমনটাই সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র। কেন্দ্র সরকারের যুক্তি, এই ধরণের সাহায্য শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই রাজ্যের উপর বিপুল আর্থিক বোঝা রয়েছে। এর উপর করোনায় মৃতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।
এই বিষয়ে ১৮৩ পাতার একটি হলফনামা জমা দিয়েছে কেন্দ্র। সেখানে জানানো হয়েছে, শুধুমাত্র করোনায় মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য করলে, অন্যান্য রোগে নিজের প্রিয়জনদের হারানো পরিবারগুলিকে বঞ্চনা করা হয়। এই কারণে এটা সম্ভব নয়।
আরও পড়ুন- এবার লক্ষ্য ২০২৪, ছুটির মেজাজে নয়, দলের জন্য নেতা-কর্মীদের বেশি করে কাজ করার নির্দেশ মমতার
এই হলফনামায় আরও জানানো হয়েছে, করোনায় দৈনিক মৃতের হার বাড়ছে। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন ৩ লক্ষ ৮৫ হাজারের বেশি মানুষ। আগামী দিনে তৃতীয় ঢেউ আছড়ে পড়লে তা আরও বাড়তে পারে। এমনিতেই স্বাস্থ্য পরিকাঠামোর জোগান দিতে হিমশিম খাচ্ছে রাজ্যগুলি, এরপর এই ক্ষতিপূরণ দেওয়ার বিপুল বোঝা ঘাড়ে চাপলে, তা সামাল দিতে পারা যাবে না।
এই হলফনামায় এমনও বলা হয়েছে যে দুর্যোগ মোকাবিলা আইন অনুযায়ী, ভূমিকম্প, বন্যা, ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেই এমন ক্ষতিপূরণ দেওয়ার কথা। করোনার মতো অতিমারির জন্য এই আইন কোনওভাবেই প্রযোজ্য নয়। এমন কথা সুপ্রিম কোর্টকে স্পষ্ট জানিয়েছে কেন্দ্র সরকার।






