ক্রমশই নিজের ওজন ঝরিয়ে চলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। এমন একটি খবর আগেই প্রকাশ্যে এসেছিল, এবার সেই ছবিও দেখা গেল। তাঁর এই নতুন চেহারা দেখে উত্তর কোরিয়ার দেশবাসী বেশ ব্যথিত।
কিন্তু কী কারণে ওজন কমাচ্ছেন কিম? কোনও গভীর অসুখ করেছে কী তাঁর? তাই জন্যই কী স্বাস্থ্য সচেতন হয়ে শরীর ঝরানোর উদ্যোগ নিয়েছেন তিনি? রাষ্ট্রশাসকের নতুন চেহারা দেখতে ব্যাকুল হয়ে পড়েছিলেন দেশবাসী। কিন্তু কিমকে নতুন রূপে দেখে অবাক তারা। কারোর আবার চোখে জল। কিমের এমন রোগা হয়ে যাওয়া চেহারা কারোরই দেখতে ভালো লাগছে না।
আরও পড়ুন- টুরিস্ট গাইড ও ট্রাভেল এজেন্সিদের জন্য সুখবর! একগুচ্ছ আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রের
সম্প্রতি উত্তর কোরিয়ার একটি সরকারি চ্যানেল কেআরটি-তে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এক নাগরিক বলেন “আমাদের শ্রদ্ধেয় নেতাকে দেখে সকলের হৃদয় ভেঙে গিয়েছে”। কিন্তু কোথায় দেখা গেল কিমকে? জানা গিয়েছে, ওই চ্যানেলে সম্প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে, কোরিয়ার ওয়ার্কার্স পার্টির এক সম্মেলনে অনুষ্ঠান হচ্ছে খোলা রাস্তায়। সেই অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে কিমকে। সম্ভবত এটি পিয়ংইয়ংয়ের রাস্তা। একটি বড় টেলিভিশন স্ক্রিনে তাঁকে দেখা গিয়েছে।
গত বছরের শেষের দিকেই উত্তর কোরিয়ার শাসক কি জং উনকে নিয়ে জল্পনা শুরু হয়। হঠাৎ তাঁর খোঁজ মিলছিল না। সেই সময় অনেকেরই ধারণা ছিল যে কিম হয়ত দেশের বাইরে চিকিৎসা করাতে গিয়েছেন। আবার অনেকের মত ছিল, তিনি দেশের ভেতরেই প্রত্যন্ত অঞ্চলে নিজের বাংলোতে ছুটি কাটাচ্ছেন।
এও জানা গিয়েছিল যে সেখানে নাকি কিমের নিজস্ব ট্রেন, স্টেশন, হেলিপ্যাড সবই রয়েছে। এরপর একটি ছবি বেশ ভাইরাল হয়, যা দেখে বাড়ে জল্পনা। ছবিতে দেখা যায়, ট্রেনের কামড়ার হাতল ধরে দাঁড়িয়ে রয়েছেন কিম। তখনই তাঁর ওজন ঝরানোর বিষয়টি সামনে আসে। অনেকেরই ধারণা ছিল যে শারীরিক অসুস্থতার কারণেই রোগা হচ্ছেন বছর ৩৭-এর কিম।
তবে কিমের পর উত্তর কোরিয়ার শাসক কে হবে, এই নিয়ে শুরু হয় জল্পনা। নাম উঠে আসে কিমের স্মার্ট, উচ্চশিক্ষিতা বোনের। এসবের পর অবশেষে কিমকে প্রকাশ্যে দেখা গেল। অনেকটাই রোগা হয়ে গিয়েছেন কিম। তাঁকে এমন চেহারায় দেখে মোটেই খুশি নন দেশবাসী। তবে কিম যে নিজের নতুন রূপ নিয়ে বেশ তোফা রয়েছেন, তা তাঁর ছবি থেকেই স্পষ্ট।






