করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ বেহাল। এরপর জানা গিয়েছে, শীঘ্রই করোনার তৃতীয় ঢেউও আসতে চলেছে। তবে তার আগে দেশজুড়ে ব্যাপকহারে টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র সরকার। এমন পরিস্থিতিতে এবার ১২ বছর ঊর্ধ্বদের উপর করোনার টিকা প্রয়োগের জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে অনুমতি চেয়ে আবেদন জানাল ভারতীয় টিকা প্রস্তুকারক সংস্থা জাইডাস ক্যাডিলা।
জানা গিয়েছে, ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করেছে এই সংস্থা। এরপরই জাইডাস ক্যাডিলা আবেদন জানায় ইমারজেন্সি ইউজ অথোরাইজেশনের জন্য।
জাইডাস ক্যাডিলা তৈরি করেছে ‘জাইকোভ-ডি’ নামের করোনার টিকা। এর ট্রায়ালও সম্পন্ন হয়েছে। কলকাতাতে নানান শিশুর উপর এই টিকার প্রয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালে সেই ট্রায়াল হয়।
আরও পড়ুন- করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ বাংলার সরকার, সামনে এল সমীক্ষার রিপোর্ট
শুধু কলকাতাই নয়, দেশের নানান জায়গায় শিশুদের উপর এই টিকা প্রয়োগ করা হয়। দেশের মোট দেড় হাজার স্বেচ্ছাসেবক শিশুর উপর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়। এই টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা এখনও সামনে আসেনি, এমনটাই দাবী ওই টিকা প্রস্তুতকারক সংস্থার।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় যে ১২-১৮ বছর বয়সীদের জন্য করোনার টিকা আসতে চলেছে। এবার এই টিকা জরুরী ভিত্তিতে প্রয়োগের জন্য ড্রাগস জেনারেল অফ ইন্ডিয়ার কাছে অনুমতি চাইল জাইডাস ক্যাডিলা। যদি এই অনুমোদন পাওয়া যায়, তাহলে এই টিকাটিই হবে দেশের প্রথম করোনার টিকা যা ১২-১৮ বছর বয়সীদের উপর প্রয়োগ করা যাবে।





