‘একুশে জুলাই’ এবার পালন হবে গুজরাতেও, মোদীর রাজ্যে ভার্চুয়াল বক্তৃতা রাখবেন ‘দিদি’

রাজ্য বিজেপিকে মূলত কোণঠাসা করার প্রয়াসই চলছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এবার তাঁর দল অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়বে। এবার এরই তোড়জোড় চলছে বলেই মনে করা হচ্ছে।

তৃণমূল ফের ক্ষমতায় আসার পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ঘোষণা করেছেন যে অন্তত ১০টি রাজ্যে তৃণমূলের সংগঠন তৈরি করবেন তিনি। এই উদ্দেশ্যেই এবার একুশে জুলাই উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তৃতা নানান রাজ্যে শোনানোর ব্যবস্থা পাকা করা হচ্ছে।

আরও পড়ুন- উত্তরবঙ্গের উন্নতির প্রয়োজন, মালদহের হাসপাতালে হার্ট কেয়ার ইউনিট তৈরির জন্য মোদীকে জোড়া চিঠি শ্রীরূপার

এই সমস্ত রাজ্যের তালিকার মধ্যে গুজরাতের নাম বিশেষ চমকপ্রদ। হ্যাঁ, নরেন্দ্র মোদী-অমিত শাহ্‌’র রাজ্যে এবার ২১শে জুলাই ভার্চুয়াল উপস্থিতি দেখা যাবে ‘দিদি’র। এই খবর রীতিমতো গুজরাতি ভাষাতেই ছাপিয়ে শুরু হয়েছে প্রচার।

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রচারে এসে মোদী বারবার ‘দিদি, ও দিদি’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করেছেন, যা তৃণমূলের তরফে বেশ কটাক্ষের সূচক বলে ধরা হয়েছিল। এমনকি, অমিত শাহ্‌ও বারবারা ‘দিদি’ সম্বোধন করে মমতাকে আক্রমণ শানিয়েছেন।

এবার এই অস্ত্রকেই হাতিয়ার করল তৃণমূল। মমতার এই ভার্চুয়াল বক্তৃতা সম্পর্কে গুজরাতের পোস্টারে নির্দিষ্টভাবে ‘দিদি’ শব্দটি ব্যবহার করা হয়েছে। এই পোস্টারে প্রধান বক্তা হিসেবে নাম লেখা হয়েছে ‘দিদি মমতা ব্যানার্জি’র। তৃণমূলের ‘চেয়ারপার্সন’ হিসেবে তিনি বক্তৃতা দেবেন বলেও উল্লেখ রয়েছে। এই ঘোষণা করছে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, গুজরাত প্রদেশ’, এমনটাও উল্লেখ করা হয়েছে এই পোস্টারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২১শে জুলাইয়ের রাজনৈতিক বক্তৃতায় মমতা মোদী-শাহকে নিশানা করে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানাতে পারেন। এই কারণেই মোদী- শাহের নিজের রাজ্য গুজরাতে তাঁর বক্তৃতা সরাসরি পৌঁছে দেওয়ার বাড়তি তাৎপর্য রয়েছে।

তৃণমূল সূত্রের খবর, গোটা গুজরাতেই বড় পর্দায় মমতার বক্তৃতা শোনানোর আয়োজন রা হচ্ছে। এই রাজ্যে রয়েছে ৩৩টি জেলা। এর মধ্যে ৩২ জেলাতেই এই ব্যবস্থা থাকবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- এবার অ্যান্টি-ড্রোন প্রযুক্তি তৈরি হবে দেশেই, সীমান্ত আরও সুরক্ষিত করতে পুরো এলাকায় কাঁটাতারের বেড়া

শুধু গুজরাতই নয়, উত্তরপ্রদেশেও এমন ব্যবস্থা করার তোড়জোড় করা হচ্ছে। সেখানে লখনউ ও অযোধ্যার দু’জায়গায় ব্যবস্থা এগিয়েছে বলে খবর। তৃণমূলের তরফে জানানাও হয়েছে যে আরও কয়েকটি জায়গা বাড়ানোর চেষ্টা চলছে। এই বক্তৃতা শোনানোর ব্যবস্থা থাকছে তামিলনাড়ু, অসম, ও ত্রিপুরাতেও।

RELATED Articles