উপনির্বাচনের বিষয়ে তিনি যে মন্তব্য করেছেন, তা নিয়ে অস্বস্তিতে ভুগছেন মুকুল রায়। শুক্রবার কৃষ্ণনগরে তাঁর করা মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে ইতস্তত বোধ করছেন তিনি। বারবার বলছেন একটাই কথা, “যা হয়েছে, একেবারেই ঠিক হয়নি”। এদিকে, মুকুলের ছেলে শুভ্রাংশু রায়ের মতে তিনি অসুস্থ। তবে তা মানতে নারাজ রায়বাবু।
গতকাল, শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর উত্তরে গিয়ে মুকুল বলেন, “ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই। তৃণমূল পর্যুদস্ত হবে। কৃষ্ণনগরে স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠা করবে বিজেপি”। এরপর তাঁর কয়েকজন অনুচর তাঁকে কানের কাছে ভুল ধরিয়ে দেন। কিন্তু এরপরও এই একই কথাই বলতে শোনা যায় তাঁকে।
আরও পড়ুন- ত্রিপুরায় আক্রান্ত দেবাংশু-সুদীপ-জয়া, তৃণমূল নেতাদের মার, অভিযোগের কাঠগড়ায় বিজেপি
রায়বাবুর এই মন্তব্য নিয়ে শোরগোল শুরু হতে খুব বেশি দেরি হয়নি। তিনি কেন এমন মন্তব্য করলেন, এ নিয়ে নানান মহল থেকে নানান ব্যাখ্যা আসতে থাকে। আজ, শনিবার তাঁর গতকালের এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে, মুকুল বলেন, “যেটা হয়েছে একেবারেই ঠিক হয়নি। এমনটা হওয়া উচিত হয়নি”।
অন্যদিকে, মুকুলপুত্র শুভ্রাংশুর দাবী, “মায়ের মৃত্যুর ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি বাবা। তাঁর শরীরে সোডিয়াম – পটাশিয়ামের ভারসাম্যের অভাব রয়েছে। যেজন্য মাঝে মাঝেই স্মৃতিভ্রংশ হচ্ছে তাঁর। অনেক সাম্প্রতিক জিনিসও মনে রাখতে পারছেন না”।
২০১৭ সালে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। এরপর প্রায় সাড়ে তিন বছর সেখানে কাটিয়ে একুশের নির্বাচনের ফলাফলের পর ফের নিজের পুরনো দল তৃণমূলে ফিরে আসেন তিনি। তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দেন তাঁর ছেলে শুভ্রাংশুও। সেই সময় মুকুল-পত্নী শারীরিক জটিলতার কারণে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এর কিছুদিন পরই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন- ‘খেলরত্ন’ পুরস্কারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে হওয়া উচিত, দাবী কুণালের
মুকুল রায়ের এমন মন্তব্য নিয়ে বিজেপির তরফে বলা হয়, “ওঁর মন্তব্যকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। উনি সুবিধামতো অবস্থান নেন, মানুষ এটা ভালোভাবেই বুঝে গিয়েছে”।






