‘দুটো ঢিল মারল আর বিপ্লব শেষ, বাচ্চা ছেলেদের পাঠায় কেন’, ত্রিপুরা কাণ্ডে শাসকদলকে ফের তোপ দিলীপের

রবিবার ত্রিপুরায় তৃণমূলের অবস্থান ও ইট ছোঁড়া প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দুটো ঢিল মেরেছে, আর তাতেই বিপ্লব শেষ”।

আজ, ১৬ই আগস্ট রাজ্যজুড়ে পালন করা হবে ‘খেলা হবে’ দিবস। এই কর্মসূচিকে সফল করতে বেশ উদ্যত শাসকদল। এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। এই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই খেলা হবে দিবস নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “খেলা তো সব জায়গায় শুরু হয়ে গিয়েছে। ত্রিপুরাতেও খেলা শুরু হয়ে গিয়েছে। ওরা শুরু করার আগেই”।

আরও পড়ুন- তৃণমূলের ‘খেলা হবে’ দিবসের সূচনা করলেন দিলীপ ঘোষ, ইকো পার্কে ফুটবল খেলায় মাতলেন বিজেপির রাজ্য সভাপতি

উল্লেখ্য, গতকাল, রবিবার ফের আক্রান্ত হন তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, দুই মহিলা সাংসদের গাড়ি ঘিরে এদিন ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সাংসদ অপরূপা পোদ্দারের ব্যাগ ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। সেই ব্যাগ কুড়োতে গেলে এক বৃদ্ধাকে মারধর করা হয় বলে তৃণমূলের তরফে দাবী। এই ঘটনার প্রবল নিন্দা করা হয় তৃণমূলের পক্ষ থেকে।

এদিন আক্রান্ত হয়েছেন সাংসদ দোলা সেনের সহায়ক জাকির হোসেন। এসএসকেএম হাসপাতালে তাঁর শরীরের সিটি স্ক্যান করা হয়। এমনকি, ত্রিপুরায় আক্রান্ত দোলা সেন ও জাকির হোসেনকে এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

এই ঘটনার কারণে বারবার বিপ্লব দেবের সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তৃণমূলের তরফে। টুইটারে তোপ দেগেছেন কুণাল ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, “খুব কান্নাকাটি করছে ওরা। বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে গিয়েছে। তাঁদের কেন নিয়ে যায়? কান্না কাটি কেউ, কেউ বলছে সুইসাইড করব, কেউ রাস্তায় শুয়ে থাকবে- দুটো ঢিল মেরেছে আর তাতেই বিপ্লব শেষ”।

আরও পড়ুন- দেশের নাম বদলে গিয়ে হবে ‘ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান’, পাল্টে যাবে দেশের পতাকাও

দেশের উত্তর-পূর্ব এই রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে এখন বেশ উত্তপ্ত রাজনীতি। ত্রিপুরায় আইপ্যাকের টিমকে হোটেলে বন্দি করে রাখার মধ্যে দিয়ে শুরু হয় লড়াই। এরপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা দিয়ে লড়াইয়ের পরিস্থিতি তীব্র হয়। এরপর তৃণমূল যুব নেতা-নেত্রী দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহা ত্রিপুরায় কর্মসূচি করতে গিয়ে আক্রান্ত হন। এসবের মধ্যে দিয়ে তৃণমূল বনাম বিজেপি লড়াই আরও প্রকট হয়ে ওঠে ত্রিপুরায়।

আরও অন্যান্য খবর