‘সীতা’ চরিত্রে অভিনয়ের জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন করিনা? সত্যিটা আসলে কী? জানালেন অভিনেত্রী

সীতার চরিত্রে অভিনয়ের জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক দাবী করেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। গত মাসে এমন খবরে রীতিমতো হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এর জেরে ক্ষোভের মুখেও পড়েন নবাব-পত্নী। এও শোনা যায় যে এই ছবির জন্য নাকি বেশ অনেকটা সময় দিতে হবে, এই কারণে এমন অঙ্কের পারিশ্রমিক দাবী করেছেন বেবো।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়লেও সেই সময় কোনও মন্তব্য করেন নি করিনা। তবে সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলতে শোনা গেল বেবোকে।

এই সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে এই বছরের শেষেই আমির খানের সঙ্গে তাঁর একটি ছবি মুক্তি পেতে চলেছে। এমনও শোনা যাচ্ছে যে, তিনি নাকি তাঁর পরের ছবির জন্য ১২ কোটি টাকা দাবী করেছেন। সাক্ষাৎকার বলেন যে তাঁর মনে হয় যে এই ১২ কোটির প্রসঙ্গ মিথ্যে। এই প্রশ্ন শুনে করিনা মাথা নাড়িয়ে বলেন, “হ্যাঁ… হ্যাঁ…”। তবে এর মাধ্যমে করিনা ঠিক কী বলতে চাইলেন, তা এখনও স্পষ্ট নয়।

কিছুদিন আগেই খবর আসে যে পরিচালক অলৌকিক দেশাইয়ের পরবর্তী ছবি ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করবেন করিনা। এই ছবির জন্য তিনি নাকি ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন, এমনও খবর শোনা যায়।

এরপরই করিনাকে নিয়ে নেটিজেনদের নানান মন্তব্য উঠে আসে। কারোর মতে, একজন হিন্দু হয়ে হিন্দু দেবতার চরিত্রে অভিনয়ের জন্য এই অঙ্কের পারিশ্রমিক নেওয়া ঠিক নয়। আবার অনেকের মতে, করিনা সীতার চরিত্রে অভিনয়ের যোগ্য নন।

তবে করিনা কাপুর এ নিয়ে কোনও মন্তব্য না করলেও তাঁর সমর্থনে সেই সময় মুখ খোলেন তাপসী পান্নু, পূজা হেগড়ে, প্রিয়ামনিরা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক-নায়িকাদের মধ্যে পারিশ্রমিকের বৈষম্য নিয়ে এর আগেও নানান বিতর্ক হয়েছে। সবক্ষেত্রেই মহিলাদের পারিশ্রমিক বাড়লে তাতে পুরুষতান্ত্রিক সমাজের অসুবিধা হয় বলে ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রীরা।

আরও অন্যান্য খবর