সুরাপ্রেমীদের জন্য এবার সুখবর শোনাল রাজ্য। মদের দাম কমিয়ে এবার রাজস্ব আদায় বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে মদের দাম শীঘ্রই কমতে চলেছে। আগামী সেপ্টেম্বর থেকেই মদের দাম কমবে রাজ্যে।
করোনা পরিস্থিতির কারণে লকডাউন শুরু হওয়ার পড় থেকেই মদের উপরে যুক্ত হয় প্রায় ৫০% কর। এর জেরে মদের দাম অনেকটাই বেড়ে যায়। এর প্রভাব পড়ে মদ বিক্রির উপর। মদ বিক্রি কমে যায়।
আরও পড়ুন- উপনির্বাচন না করার ছক বিজেপির, বাধ্য হয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল
মদ বিক্রি কমে যাওয়ার কারণে মদের ব্যবসা থেকে আয়ের পরিমাণও কমে যায় বলে খবর। এই কারণে এবার আবগারি দফতর মদের উপর নতুন করের কাঠামো তৈরি করে পাঠিয়েছে অর্থ দফতরে। আগামী মাসের মধ্যেই মদের দাম কমবে বলে আশা করা যাচ্ছে।
২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে যখন লকডাউন শুরু হয়, সেই সময়ে এক ধাক্কায় মদের দাম বাড়িয়ে দেওয়া হয় ৩০ শতাংশ। এরপর গত নভেম্বরে ফের আরেক ধাক্কায় করের পরিমাণ বেড়ে যায়। প্রায় আরও ৫০ শতাংশ কর বসানো হয় মদের উপর। এর জেরে মদের দাম আবারও বেড়ে যায়। সরকারি হিসাবে দেখা যাচ্ছে, মদের দাম বেড়ে যাওয়ায় মদের বিক্রিও কমেছে। এর পাশাপাশি রাজস্ব আয়ও কমেছে।
অন্যদিকে আবার প্রতিবেশি রাজ্য অসম এবং সিকিম থেকে প্রচুর পরিমাণে মদ চোরাপথে এই রাজ্যে ঢুকছে বলে অভিযোগ। প্রসঙ্গত, ওই সমস্ত রাজ্যে মদের দাম কিছুটা কম। এরপর থেজেই এই বিষয় নিয়ে নড়েচড়ে বসে নবান্ন।
চোরাপথে মদ আসা বন্ধ করার জন্য উদ্যত রাজ্য সরকার। এর পাশাপাশি রাজ্যের মানুষ যাতে কম দামে মদ কিনতে পারে, এই কারণে মদের উপর নতুন করের কাঠামো তৈরি করেছে আবগারি দফতর। এর জেরে হুইস্কি, রামের দাম যেমন কমবে, একইসঙ্গে অন্যদিকে বাড়বে বাংলা মদের দাম।
এও জানা গিয়েছে যে এরইসঙ্গে আমদানি করা স্কচের দামও কমবে। আবগারি দফতরের তরফে জানানো হয়েছে যে বিক্রি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও অনেক কমে গিয়েছে। তবে ঠিক কতটা কমেছে, সেই হিসেবে বছরের শেষে বুঝতে পারা যাবে। তবে এও জানা গিয়েছে যে অর্থ দফতর নতুন কর কাঠামোয় সম্মতি দিলে পুজোর আগেই মদের দাম অনেকটাই কমবে।






