সারমেয়র মৃত্যুতে বাড়ি গিয়ে শশাঙ্ককে মারধরের অভিযোগ, শ্রীলেখার প্ররোচনাতেই এমন হয়েছে, দাবী রেড ভলান্টিয়ার্সদের

দত্তক নেওয়া সারমেয়টি মারা গিয়েছে, এই অভিযোগে দত্তক নেওয়া রেড ভলান্টিয়ার্স সদস্য শশাঙ্ক ভাবসরকে মারধর করা হল। অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্ররোচনাতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ নেটিজেন ও রেড ভলান্টিয়ার্সদের।

জানা গিয়েছে, ওই যুবককে তাঁর আড়িয়াদহের বাড়িতে গিয়ে ঘর থেকে বের করে এনে মারধর করা হয়। এই বিষয়ে শ্রীলেখার বক্তব্য, কারোর বাচ্চা মারা গেলে কারোরই মাথার ঠিক থাকে না। তাই কে কী বলল না বলল, তা নিয়ে তাঁর কিছু যায় আসে না।

অনাথ সারমেয়কে কেউ দত্তক নিলে তিনি তাঁর সঙ্গে ডেটে যাবেন, এমন শর্ত দিয়েছিলেন শ্রীলেখা মিত্র। এই সারমেয়টিকে দত্তক নেন শশাঙ্ক ভাবসর নামের একজন রেড ভলান্টিয়ার্সের সদস্য। কথা অনুযায়ী তাঁর সঙ্গে ডেটেও যান শ্রীলেখা।

কিন্তু চারদিন আগেই জানা যায় যে সেই কুকুরটি মারা গিয়েছে। শশাঙ্কের কথায়, বাড়ির দরজা খোলা পেয়ে বাচ্চা কুকুরটি রাস্তায় বেরিয়ে যায়। রাস্তার অন্যান্য বড় কুকুররা তাঁকে মেরে ফেলে। কিন্তু এই খবর শশাঙ্ক চেপে যেতে চেয়েছিলেন বলে অভিযোগ।

আরও পড়ুন- ‘শশাঙ্ক আমাকে ঠকিয়েছে’, দাবী শ্রীলেখার, পাল্টা তোপ রেড ভলান্টিয়ারদের, তবে কী সিপিএমের সঙ্গে সম্পর্ক শেষ অভিনেত্রীর?

একথা জানাজানি হওয়ার পরই ফেসবুক লাইভে এসে শ্রীলেখা চোখের জল ফেলে অভিযোগ করেন যে শশাঙ্ক কুকুরটিকে ভালোবেসে নয়, বরং তাঁর সঙ্গে ডেটে যাওয়ার লোভেই কুকুরটিকে দত্তক নিয়েছিলেন। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন শশাঙ্ক।

শ্রীলেখা ভিডিওতে জানিয়েছিলেন যে তিনি এর জন্য শশাঙ্ককে মেরেও ফেলতে পারেন। আর সেরকমই কিছু একটা হল। গতকাল, বুধবার পিপলস ফর অ্যানিম্যালস-এর সদস্যরা শশাঙ্কের বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করেন। চলে লাথি, ঘুষিও। দয়মন্তী সেন নামের একজন তাকে মেরেছেন বলে অভিযোগ শশাঙ্কের।

এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা এসে শশাঙ্ককে উদ্ধার করে বলে জানা গিয়েছে। এই নিয়ে থানায় গিয়ে অভিযোগও জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় সকলেই শ্রীলেখা মিত্রকেই দায়ী করেছেন। এই বিষয়ে শ্রীলেখা ফেসবুকে লেখেন, “কারও নিজের বাচ্চা মারা গেলে সে মাথা ঠান্ডা রাখতে পারে না ৷ রাস্তার কুকুরগুলো তাঁদের কাছে সন্তানের মতো” ৷ সন্তানের মৃত্যুতে ফোরামের সদস্যরা জ্ঞানশূন্য হয়েই এই ঘটনা ঘটিয়েছেন বলে সাফাই দেন তিনি ৷ তবে কোনও প্রমাণ ছাড়া শশাঙ্ককে এ ভাবে প্রকাশ্যে মারধর করা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের।

RELATED Articles