আজ, সোমবার সকাল ১১টা নাগাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় তলব করে সিআইডি। তবে সিআইডিকে ইমেল করে শুভেন্দু জানান যে রাজ্যের নানান কর্মসূচিতে ব্যস্ত থাকার দরুন তিনি হাজিরা দিতে পারবেন না।
এর আগে তিনি কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন। আবেদন করেন যাতে তাঁর বিরুদ্ধে চলা এই মামলার তদন্ত যেন করে সিবিআই। এছাড়াও তাকে মিথ্যে ঘটনায় ফাঁসানো হতে পারে ভেবে আদালতের থেকে রক্ষাকবচ চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরও পড়ুন- বাড়ছে রক্তচাপ! সিআইডির হাতে এবার গ্রেফতার হতে পারেন শুভেন্দু অধিকারী!
এবার সেই রক্ষাকবচ পেলেন শুভেন্দু। হাইকোর্ট আগেই জানিয়েছিল যে সিআইডির তলবে এখনই হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। এরপর আজ দুপুর ২টোর সময় এই মামলার শুনানি শুরু হলে এই মামলা নিয়ে বিচারপতির সন্দেহ জাগে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে হয়ত শুভেন্দুকে এই মামলায় ফাঁসানো হচ্ছে। এই কারণে সিআইডিকে আদালত নির্দেশ দেয় যে এখনই শুভেন্দুকে গ্রেফতার করা যাবে না।
এর পাশাপাশি হাইকোর্ট এমন নির্দেশও দেয় যে শুভেন্দুর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন ভাবে যে তিনটি মামলা চলছে, এর তদন্তও এখন বন্ধ থাকবে। শুভেন্দুকে তাঁর সুবিধামতই জিজ্ঞাসাবাদ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এও নির্দেশ দেওয়া হয়েছে যে শুভেন্দুকে গ্রেফতার করতে হলে আদালতে বিশেষ অনুমতি নিতে হবে সিআইডিকে।
আরও পড়ুন- সোমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু, রাজধানীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাজ্যপালও, ক্রমেই ঘনাচ্ছে জল্পনা
অন্যদিকে, সিআইডির তরফে জানানো হয়েছে, আজকের তলবে শুভেন্দু না এলেও পরবর্তীতে তাঁকে প্রয়োজন হলে ফের তলব করা হতে পারে। এই ঘটনার মোড় এবার কোনদিকে নেবে, এখন সেটাই দেখার।






