ফের রাজ্যে ভারী বৃষ্টিপাতের আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়ে ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকা, সুন্দরবনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বাতাসে আর্দ্রতা ভাবও রয়েছে বেশি। এর জেরে অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণবঙ্গে।
গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে। এর জেরে স্বাভাবিকের তুলনায় বেড়েছে তাপমাত্রা। তবে আগামীকাল, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। এর কারণ বঙ্গোপসাগরের উত্তর ও মধ্যভাগে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে বাড়বে বৃষ্টি।
উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র। এই কারণে আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার ঘটনায় ফের চার্জশিট পেশ সিবিআইয়ের, নদিয়ার বিজেপি কর্মী খুনে নাম ১৫ জনের
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামীকাল, রবিবার রাত থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হবে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। আগামী সোমবার থেকেই রাজ্যজুড়েই বৃষ্টি আরও বাড়বে। আজ, শনিবার থেকেই আকাশ মেঘলাই থাকবে বলে জানানো হয়েছে।
আজ, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি। সর্বাধিক ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫৭ শতাংশ।






