এবার ত্রিপুরায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী, তৃণমূলকে টক্কর দিতে ময়দানে রাজ্য বিজেপি

চলতি মাসেই ফের ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি জনসভা করবেন তিনি। এরই মধ্যে শোনা যাচ্ছে যে আগামী মাসে ত্রিপুরা যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বিজেপি সূত্রে খবর, অরাজনৈতিক কাজেই ত্রিপুরা যাচ্ছেন শুভেন্দু।

জানা গিয়েছে, একটি পুজোর উদ্বোধনে যাচ্ছেন শুভেন্দু। তবে এদিকে যেমন ত্রিপুরাকে পাখির চোখ করেছে ঘাসফুল শিবির, এই পরিস্থিতিতে শুভেন্দুর এই সফর যে সম্পূর্ণ অরাজনৈতিক, তা মনে করছে না রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার ঘটনায় ফের চার্জশিট পেশ সিবিআইয়ের, নদিয়ার বিজেপি কর্মী খুনে নাম ১৫ জনের

বিজেপি সূত্রে খবর, আগামী ১০ই অক্টোবর ত্রিপুরা যাচ্ছেন শুভেন্দু। সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে একটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তবে শুভেন্দুর কোনও রাজনৈতিক কর্মসূচির কথা যদিও এখনও পর্যন্ত গেরুয়া শিবিরের তরফে ঘোষণা করা হয়নি। তবে শুভেন্দু অধিকারীর মতো বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা ত্রিপুরায় যাবেন অথচ কোনও রাজনৈতিক অভিসন্ধি থাকবে না, তেমনটা মানতে নারাজ রাজনৈতিক মহল। তবে এও জানা যাচ্ছে যে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন যত এগোবে, গেরুয়া শিবিরের নেতাদেরও সে রাজ্যে আনাগোনা ক্রমেই বাড়বে।

ত্রিপুরায় বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি। তবে সেই মাটি দখলের চেষ্টায় রয়েছে তৃণমূল। এই কারণে নানান তৃণমূল নেতা যেমন ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, অর্পিতা ঘোষ বারবার ত্রিপুরায় যাচ্ছেন। তৃণমূলের নেতারা আক্রান্তও হচ্ছেন সে রাজ্যে।

গত মাসেই ত্রিপুরায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর গাড়িতে হামলা করা হয়। এদিকে আবার তৃণমূলের উপর হওয়া হামলার প্রতিবাদের জেরে সিপিএমের উপরও হামলা করা হচ্ছে বলে খবর।

একাধিক জায়গায় গাড়ি ভাঙচুর, দলীয় কার্যালয়ে হামালা, অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে। গত বুধবার রাতে সরাসরি সিপিএমের নাম না করেই এই হামলার ঘটনার নিন্দা করে অভিষেক টুইটারে লেখেন, “হিংসা এবং গুণ্ডামি এমনভাবে বিজেপির মজ্জাগত যে তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকেও নৃশংসভাবে আক্রমণ করতে ছাড়ছে না”।

আরও পড়ুন- ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-পেন্টাগন হামলার ২০ বছর, ফিরে দেখা সেই অভিশপ্ত দিনের ভয়াবহ কিছু মুহূর্ত

গত বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরায় থাকা সুস্মিতা দেব, চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন সর্বভারতীয় তৃণমূল নেতা একটি মিছিল বের করেছিলেন। ঘটনার সমালোচনা করে সুস্মিতা দেব বলেন, “সংবাদ সংস্থার অফিসে এই ধরনের হামলা নজিরবিহীন। বিজেপি এবং ত্রিপুরা সরকারের এই বিষয়ে লজ্জা পাওয়া উচিত”। এবার সেই রাজ্যে রাজ্য বিজেপি গিয়ে কী করে, সেটাই দেখার।

RELATED Articles