একটা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে বিতর্কের যেন অন্ত নেই। অবশ্য ভবানীপুর বলেই মনে হয় তা সম্ভব। এই কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। আর তাঁর প্রতিপক্ষ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর থেকেই মমতার বিরুদ্ধে নানান বিজেপি নেতারা বারবার আক্রমণ শানিয়ে এসেছেন। এবার এই তালিকায় যোগ হলে খোদ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও।
আজ, রবিবার সকালে তাঁকে দেখা যায় প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ করতে। তখনই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থী বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে তাঁর কী প্রতিক্রিয়া, তা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ওঁর ওয়েট আছে আই ওঁ হেভিওয়েট”।
আজ ভিক্টোরিয়াতে প্রিয়াঙ্কাকে দেখা গেল ট্র্যাকশুট পরে চুল বেঁধে প্রাতঃভ্রমণে। এরপর চলল জনসংযোগ ও প্রচার। হাতজোড় করে অনেককেই নমস্কার জানালেন তিনি। প্রতি নমস্কার জানালেন অনেকেই। সে সময়ই তাঁকে প্রশ্ন করা হলে উত্তরে বিজেপি প্রার্থী বলেন, “ওঁর ওয়েট আছে, তাই তিনি হেভিওয়েট। চিকিৎসক ওঁকে হাঁটার পরামর্শ দিচ্ছেন”।
আরও পড়ুন- ৬ মাসের মধ্যেই চার বিজেপি মুখ্যমন্ত্রীর ইস্তফা! হঠাৎ কী এমন ঘটল গেরুয়া শিবিরে?
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়ে তিনি কতটা আশাবাদী? এর জবাবে প্রিয়াঙ্কা বলেন, “জয় নিয়ে আমি আশাবাদী। কারণ আমি মানুষের জন্য লড়াই করছি। বিধানসভা নির্বাচনে খুনের খেলা খেলেছে ওরা। এবারও যদি তাই করে তাহলে তো গণতন্ত্রের কোনও মানে হয় না”।
প্রসঙ্গত, গতকাল, শনিবার প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বয়সী বলে সম্বোধন করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, “আমি কে তা ওঁ ধীরে ধীরে জেনে যাবে”।
২০১৪ সালে বিজেপিতে যোগ দেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা ছিলেন তিনি। একুশের নির্বাচনে এন্টালি থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়ান প্রিয়াঙ্কা। কিন্তু সেখানে প্রায় ৫৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে হেরে যান তিনি। তবে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছিলেন তিনি।





