গতকাল, শনিবার ছিল মহাত্মা গান্ধীর জন্মদিন। এই দিন উপলক্ষ্যে গোটা দেশের নানান জায়গায় নানান কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়। আর এরই মধ্যে টুইটারে ঘটে গেল এক ঘটনা। যার কারণে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। এদিন টুইটারে ট্রেন্ড করেছিল হ্যাশট্যাগ ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’। বিজেপি নেতার দাবী যারা এমন কাজ করেছে, তারা দেশকে লজ্জিত করেছে।
গতকাল, ২রা অক্টোবর দেশের জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস ছিল। কিন্তু এদিনই মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামে ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’ ট্রেন্ড ছড়িয়ে পড়েছিল। ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করে নাথুরাম গডসে। আর তাকে নিয়েই গান্ধীজির জন্মদিনের দিনই এমন উন্মাদনার বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি সাংসদ।
গতকাল, শনিবার বিজেপি সাংসদ এই বিষয়ে ট্যুইট করে নিজের ক্ষোভ উগরে দেন। ট্যুইটারে তিনি লেখেন, “আধ্যাত্মিক দিক থেকে দেখতে গেলে ভারত চিরকালই শক্তিমান। আর জাতীর জনক মহাত্মা গান্ধীর হাত ধরেই, আধ্যাত্মিকতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। আমাদের নৈতিক কর্তৃত্ব তিনিই তৈরি করে দিয়ে গেছেন, আর এটাই আমাদের কাছে সবথেকে বড় শক্তি”।
তিনি আরও বলেন, “এই দিনে যারা গডসে জিন্দাবাদ করে ট্যুইট করছেন, তাঁরাই প্রকৃতপক্ষে দায়িত্বজ্ঞানহীনভাবে দেশকে লজ্জিত করছেন”।
উল্লেখ্য, ১৮৬৯ সালের ২রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। প্রত্যেক বছর ২রা অক্টোবর গোটা দেশে গান্ধী জয়ন্তী হিসেবে পালন করা হয়। এবার এই দিনেই ট্যুইটারে ট্রেন্ড হল ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’। আর এর উপর এই ৬১ হাজারেরও বেশি মানুষ এই টুইটকে নিয়ে আবার রিট্যুইটও করেছেন।





