ভোটারদের সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়েই ঘটল বিপদ, নিজের সংসদক্ষেত্রেই খুন সাংসদ

সংসদক্ষেত্রেই দুষ্কৃতীর হাতে খুন হলেন এক ব্রিটিশ সাংসদ। নাম ডেভিড আমিজ। তিনি সেই দেশের শাসক দল কনজারভেটিভ পার্টির এক্সেস থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। প্রত্যেক মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার তিনি নিয়ম করে সংসদক্ষেত্র পরিদর্শনে আসেন। স্থানীয় গির্জার বাইরে ভোটারদের সঙ্গে কথাও বলেন তিনি।

সেই নিয়ম মেনেই গত শুক্রবার সকালে লেহ-অন-সি-র মেথডিস্ট চার্চে যান আমিজ। সেখানে গেলেই তাঁকে লক্ষ্য করে হামলা চালায় এক দুষ্কৃতী। একাধিকবার ছুরিবিদ্ধ করে আহত করা হয় শাসকদলের ওই সাংসদকে।

এই হামলার পরই ঘটনাস্থলে থাকা জরুরি পরিষেবার কর্মীরা আমিজের চিকিৎসা শুরু করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। মারা যান আমিজ। এই ঘটনায় যুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ঘাতক ছুরিটি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর সাক্সেস পুলিশ জানিয়েছে যে এই ঘটনার সঙ্গে একমাত্র যুক্ত হলেন ধৃত ব্যক্তিই।

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, ডেভিড আমিজের বয়স ৬৯ বছর। ১৯৮৩ থেকে তিনি ব্রিটিশ সংসদের সদস্য। নিজের সাংসদক্ষেত্রের প্রতি যথেষ্ট দায়বদ্ধ ছিলেন আমিজ। নিয়ম করে ভোটারদের সমস্যা এবং সাংসদক্ষেত্রের সমস্যা নিয়ে অন্যদের সঙ্গে কথা বলতেন আমিজ।

আমিজের এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন অন্য দলের সাংসদরা। এই ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে ২০১০ সালের এক হামলার ঘটনার। সেবার লেবার পার্টির সাংসদ স্টিফেন টিমস ছুরিবিদ্ধ করা হয়। তবে তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। একইভাবে আবার ২০১৬ সালে ব্রেক্সিট প্রস্তাব সংসদে পাস করা হলে সাংসদ জো কক্স আক্রান্ত হয়েছিলেন।

এই ঘটনা নিয়ে টুইটারে সরব হয়েছেন নেটিজেনরা। তারা এই ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন।

আরও অন্যান্য খবর