Viral Video: গোবর-গোমূত্র মানুষের শরীর পরিশুদ্ধ করে, গুণাগুণ বোঝাতে ক্যামেরার সামনেই গোবর-গোমূত্র খেলেন চিকিৎসক

গোবর ও গোমূত্রের গুণাগুণ নিয়ে নানান বিজেপি নেতা-মন্ত্রীদের নানান সময় নানান বক্তব্য পেশ করতে শোনা গিয়েছে। এই নিয়ে বিতর্ক কম হয়নি। কোনও কোনও নেতা-মন্ত্রী অন্ধভাবে গোবর ও গোমূত্রের বিশেষত্বে বিশ্বাস করেন। আবার বিরোধী দলের নেতারা বৈজ্ঞানিক যুক্তিসহ সেই দাবীকে খণ্ডন করেন।

এবার এই গোবর ও গোমূত্রের গুণাগুণ নিয়ে বক্তব্য রাখলেন খোদ এক চিকিৎসক। শুধু তাই-ই নয়, এর গুন বোঝানোর জন্য ক্যামেরার সামনেই গোবর ও গোমূত্র খেলেন হরিয়ানার ওই চিকিৎসক।

‘ভাইরাল হরিয়ানা’ নামের এক সংস্থার লাইভ ভিডিওতে এমনই একটি দৃশ্য উঠে এসেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে কর্নালের ডঃ মনোজ মিত্তল একটি গোয়ালঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন আর তাঁর হাতে রয়েছে একটি গোবরের কেক।

এই ভিডিওতে তিনি ‘পঞ্চগ্রাব্য’ অর্থাৎ প্রাণী যে পাঁচটি উপাদান সরবরাহ করতে পারে, সে সম্পর্কে নানান বর্ণনা দিচ্ছিলেন। সেই সময়ই তাঁকে অল্প পরিমাণে গোবর কুড়িয়ে তা খেতে দেখা যায়। এই ভিডিওতে তিনি এও বলেন যে তাঁর মা নাকি এই একই খাবার খেয়েই উপবাস ভঙ্গ করতেন।

শুধু তাই-ই নয়, এই চিকিৎসক এমনও দাবী করেন যে পশুদের গায়ে হাত বোলালেও নাকি অনেক উপকার হয়। এর পাশাপাশি তিনি আরও বলেন যে শিশুদের স্বাভাবিক প্রসবের জন্য মহিলাদের গোবর খাওয়া উচিত। আর এরপরই তিনি গরুর মূত্রেও চুমুক দেন। তাঁর দাবী, গোমূত্র মানুষের শরীর পরিশুদ্ধ করে। তাছাড়া রক্তচাপের সমস্যাও উপশম করতেও নাকি গোমূত্রের বিশেষ ভূমিকা রয়েছে বলে মাই ওই চিকিৎসকের।

নানান সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, সর্বত্রই এই সাত মিনিটের পুরো ভিডিওটি বা সেই ভিডিও ক্লিপের ছোট অংশ ভাইরাল হয়েছে। কেউ কেউ যেমন এই বিষয়টির পরিপ্রেক্ষিতে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দিয়েছেন। তো আবার কেউ কেউ ওই চিকিৎসকের উপর বিরক্ত হয়েছেন। তাদের প্রশ্ন, একজন চিকিৎসক কীভাবে এই জাতীয় বিষয়কে বিশ্বাস করতে পারেন আর কীভাবেই বা তিনি এভাবে তা প্রচার করতে পারেন।

আরও অন্যান্য খবর